দেশটা কি তোর বাপের/ডিজিটাল আইনের বয়ান
অবয়ব
(পৃ. ৫১-৫২)
ডিজিটাল আইনের বয়ান
- (করোনা কড়চা)
যা খুশি তাই লিখো
লিখতে যে নেই মানা
জ্ঞানের কথা লিখলে পরে
পুলিশ দেবে হানা।
যা খুশি তাই লিখো
ধিন তাকা ধিন ধিনা
ফেসবুক - ব্লকে ওদের
দখল ষোলআনা।
যা খুশি তাই লিখো
নেই যে নিষেধ লেখার
বিশেষ বিশেষ ফোর্স রয়েছে
ওসব লেখা দেখার।
যা খুশি তাই লিখো
লেখার আছে কত-কী
'নো ব্যঙ্গ' যা-ই করুক না
নেতা ও নেত্রী।
যা খুশি তাই লিখো
ছাগল-ভেড়া-পাঁঠা
বিজ্ঞান লিখে আনা যাবে না
ধর্ম ব্যবসায় ভাটা।
যা খুশি তাই লিখো
লিখো ব্যাঙের ঠ্যাঙ
খুন-ধর্ষণ-হত্যা নিয়ে
করো না ঘ্যাঙর ঘ্যাঙ।
যা খুশি তাই লিখো
প্রকৃতির রঙ রূপ
স্বৈরাচারী শাসন নিয়ে
চুপ একদম চুপ।
যা খুশি তাই লিখো
নারীর উন্নত বুক, ঠোঁট
করোনাকালে লুটতরাজের
দেয়া যাবেনা পোস্ট।
যা খুশি তাই লিখো
লেখার অবাধ স্বাধীনতা
সত্য যদি লিখো, ঘাড়ে
দুইটা রেখো মাথা।
০৭.০৭.২০২০