দেশটা কি তোর বাপের/দেশটাই যমালয়
অবয়ব
(পৃ. ৬৩)
দেশটাই যমালয়
- (করোনা কড়চা)
তুমিতো ছাই যমদূত এক
করোনা নামধারী!
কোথায় তোমার যমরাজ? তাকে
ডেকে আনো তাড়াতাড়ি।
কষ্টতো কম দিলে না আমায়
যমালয়ে ধরে নিতে
হাতে-গায়ে-মাথায় হাতুড়ি পিটালে
জ্বর দিলে দিনে-রাতে।
পারলে না তুমি, যমরাজ এবার
যমালয় ছেড়ে আসুক
যমালয় থেকে কম কী দুঃখ
কষ্ট এখানে দেখুক।
নরক যাতনার নিষ্ঠুরতা
দেখো কি না দেশময়?
যাক দেখে যাক যমরাজ এসে
ছেড়ে ওই যমালয়।
এখানে শাসক যমরাজ থেকে
বড়ই ক্ষমতাধর
যদি এসে দেখে যমালয় ছেড়ে
হবে সে দেশান্তর॥
১৩.০৫.২০২০