দেশটা কি তোর বাপের/দেশটা কি তোর বাপের
অবয়ব
(পৃ. ৯-১০)
দেশটা কি তোর বাপের
দেশটা কি তোর বাপের?
ধমক দিয়ে বললেন এক
নেতা বড় মাপের
দেশটা কি তোর বাপের?
ধমক শুনে থমকে গিয়ে
মুখে দিলাম কুলুপ
যেমন খুশি চলুক না দেশ
চুপ আমি নিশ্চুপ।
নির্বাচনে ভোট না পড়ুক
গায়ের জোরে সংসদ গড়ুক
নিত্য পণ্যের মূল্য বাড়ুক
নেশাখোরে দেশটা ভরুক।
শিক্ষালয়ে অস্ত্র থাকুক
লেখাপড়া লাটে উঠুক
খুন ধর্ষণ ঘটে ঘটুক
মা-বোনরা মাথা কুটুক।
স্বৈর চাপে সত্য হারুক
হুকুম তালিম জজরা করুক
বুর্জোয়ারা গুণ্ডা পালুক
দেশটা ভাবুক তাদের তালুক।
সিণ্ডিকেটে বাজার লুটুক
লুটেপুটে বিদেশ ফুটুক
ব্যাংক বীমায় ঘুঘু চড়ুক
সীমান্তে রোজ মানুষ মরুক।
বিদেশি ঋণ আসে আসুক
ঋণের ফাঁসে দেশটা ফাঁসুক।
গরীব মানুষ কাঁদে কাঁদুক
নেতারা উৎসবে মাতুক।
প্রতিবাদীর ঝাঁঝরা যে বুক
বড়ই পরিতাপের
বাঁচতে হলে পাল্টা বলুন
দেশটা কি তোর বাপের?