দেশটা কি তোর বাপের/রিমাণ্ড সমাচার
অবয়ব
(পৃ. ১৮-১৯)
রিমাণ্ড সমাচার
দেশটা বড় অদ্ভুত
চাইলে পরে রিমাণ্ড মঞ্জুর
অর্ডারশীটও প্রস্তুত
দেশটা বড় অদ্ভুত!
কে ছাত্র কে শিল্পী কবি
কে তরুণ কে তরুণী
ওসব পরে দেখা যাবে
আগে দরকার পিটুনি।
গরম জলে চুবায় ভাসায়
নখগুলোতে সুঁই ঢুকায়
উল্টো করে ঝুলিয়ে ফ্যানে
লাঠি পিটায় সর্বগায়।
হাজার পাওয়ার লাইট জ্বালিয়ে
সিদ্ধ করে শরীরটা
ইলেকট্রিক সক দিয়ে কয়-
‘মুখস্থ কর বলছি যা'।
শিখিয়ে দেয়া জবানবন্দি
স্ট্যাম্পে নেয় লিখিয়ে
মিডিয়াগুলো কাটতি বাড়ায়
ক্যামেরাতে তা দেখিয়ে।
হেটে যে যায় রিমাণ্ডেতে
স্ট্রেচারে ফিরে সে
মাইলড শুধু আইনই দেখেন
ওসব দেখার তিনি কে?
ওপেন সিক্রেট সবাই জানে
মাইলড শুধু জানেন না
রিমাণ্ডে যায় তারা, যারা
ফ্যাসিস্ট শাসক মানেন না।
এই যদি হয় আইন আদালত
বুঝুন দেশটা আজ কোথায়?
গণযুদ্ধ ছাড়া এদেশ
পাল্টাবার যে নাই উপায়।
১৩.০৮.২০১৮