বিষয়বস্তুতে চলুন

পঞ্চরত্ন/আত্মপূজা

উইকিসংকলন থেকে

আত্মপূজা॥

আত্মপূজক পূজা ॥

আত্মায় আত্মার ধ্যান, আত্মায় আত্মার জ্ঞান,
আত্মময় দেখেন জগত,
পূজেন পাবন আত্মা, নিরন্তর যে মহাত্ম।,
নমি তাঁর পদে অবিরত।

 শ্রীরাখালদাস মুখোপাধ্যায়

আত্মপূজা

আনন্দে সচ্চিদানন্দে
নির্ব্বিকল্পৈকরূপিণি।
স্থিতে দ্বিতীয়াভাবে বৈ
কথং পূজা বিধীয়তে ॥১॥

আনন্দ স্বরূপ সেই বিকল্প রহিত,
সচ্চিদানন্দেতে সদা হয়ে অবস্থিত,
দ্বৈতভাব তিরোহিত হয়েছে যখন,
কেমনে হইবে পূজা বিহিত এখন ॥১॥

পূর্ণস্যবাহনং কুত্র
সর্ববাধারস্য চাসনং।
স্বচ্ছস্য পাদ্যমর্ঘ্যঞ্চ
শুদ্ধস্যাচমনং কুতঃ ॥২॥

সদা যিনি পূর্ণ তাঁর কোথা আবাহন,
সর্ব্বাধার যিনি তাঁর কোথায় আসন,
পাদ্য অর্ঘ্য কোথা তাঁর স্বচ্ছ যিনি হন,
পবিত্র জনের কোথা আছে আচমন ॥২॥

নির্ম্মলস্য, কুতঃ স্নানং
বস্ত্রং বিশ্বোদরস্য চ।
নিরালম্বস্যোপবীতং
রম্যস্যাভরণং কুতঃ ॥৩॥

স্নান কিবা সদা যিনি সুনির্ম্মল হন,
বস্ত্রে বিশ্বোদরের কি আছে প্রয়োজন।
কি হইবে উপবীত নিরালম্ব জনে,
সুন্দরে কি প্রয়োজন আছে আভরণে ॥৩॥

নির্লেপস্য কুতোগন্ধঃ
পুষ্পং নির্ব্বাসনস্য চ।
নির্গন্ধস্য কুতো ধূপঃ
স্বপ্রকাশস্য দীপিকা ॥৪॥

নির্লেপে কি প্রয়োজন চন্দন লেপনে
নির্ব্বাসনে কি হইবে কুসুম প্রদানে,
নির্গন্ধ জনের কিবা প্রয়োজন ধূপে
জ্যোতির্ম্ময় যিনি তাঁর কিবা কাজ দীপে ॥৪॥

নিত্যতৃপ্তস্থ্য নৈবেদ্যং
নিষ্কামস্য ফলং কুতঃ।
তাম্বূলঞ্চ বিভোঃ কুত্র
নিত্যানন্দস্য দক্ষিণা ॥৫॥

কি কাজ নৈবেদ্য দিয়া নিত্য তৃপ্তজনে,
নিষ্কামীকে কিবা ফল আছে ফলদানে,
সর্ব্বগত প্রভুর বা তাম্বুল কোথায়,
দক্ষিণা কোথায় যিনি নিত্যানন্দময় ॥৫॥

স্বয়ং প্রকাশমান্যস্য
কুতোনীরাজনাবিধিঃ।
প্রদক্ষিণমনন্তস্যা—
দ্বিতীয়স্য চ কা নতিঃ ॥৫॥

স্বপ্রকাশমান সেই নিত্য নিরঞ্জনে,
তুষিব কেমনে বল আরত্রিক দানে,
অনন্তের প্রদক্ষিণ হইবে কেমনে,
কেমনে হইবে নতি অদ্বিতীয় জনে ॥৬॥

অন্তর্বহিশ্চ পূর্ণস্য
কথং মুদ্রাসনং ভবেৎ।
ইয়মেব পরা পূজা
বিষ্ণোঃ সত্ত্বস্বরূপিণী ॥৭॥

সদা পরিপূর্ণ যিনি অন্তরে বাহিরে,
তাঁর লাগি মুদ্রাসন হবে কি প্রকারে,
এই ত সাত্ত্বিকী পূজা সদা সত্ত্বময়,
ইহাতেই কেশবের পরা পূজা হয় ॥৭॥

দেহো দেবালয়ঃ প্রোক্তো
জীবো দেবঃ সদাশিবঃ।
ত্যজেদজ্ঞাননির্ম্মাল্যং
সোহহংভাবেন পূজয়েৎ ॥৮॥

এদেহ মন্দির কহে স্থান দেবতার,
জীবরূপী সদা শিব করিছে বিহার,
অজ্ঞান নির্ম্মাল্য সদা পরিত্যাগ করে,
সেই আমি জ্ঞানে পূজা করিবে তাঁহারে ॥৮॥

তুভ্যং মহ্যমনন্তয়
মহ্যং তুভ্যং শিবাত্মনে।
নমোদেবাদি দেবায়
পরায় পরমাত্মনে ॥৯॥

তুমি আমি উভয়েই অনন্তের রূপ,
আমি তুমি উভয়েই শিবের স্বরূপ,
পরম ঈশ্বর আদি দেব দেবতার,
পরম আত্মার পদে নমঃ বার বার ॥৯॥

যোগী দেহাভিমানী স্যাৎ
ভোগী কর্ম্মণি তৎপরঃ।
জ্ঞানী মোক্ষাভিমান্যেব
তত্ত্বজ্ঞে নাভিমানিতা ॥১০॥

সদা দেহ অভিমানী হয় যত যোগী,
কর্ম্মেতে তৎপর বড় আছে যত ভোগী,
জ্ঞানিজনে সদা দেখি মোক্ষ অভিমানী,
অভিমানত্যাগী একমাত্র তত্ত্বজ্ঞানী ॥১০॥

কিং করোমি ক্ক গচ্ছামি
কিং গৃহ্ণামি ত্যজামি কিম্।
আত্মনা পূরিতং সর্ববং
মহাকল্পাম্বুনা যথা ॥১১॥

কি করিব কোথা যাব কি করি গ্রহণ,
পরিত্যাগ করিবার কি আছে এমন,
আছে আত্মা পরিপূর্ণ ব্যাপিয়া সকলে,
বারি পূর্ণ বিশ্ব যথা মহাকল্প-কালে। ॥১১॥

ইতি আত্মপূজা সমাপ্ত ॥