এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
চলেছি জগৎ-পথে চলেছি মৃত্যুর পথে,
ঢাল, সুরা ঢাল!
প্রেম নয়, কাব্য নয়, নারীর হৃদয় নয়,
জ্বাল, চিতা জ্বাল!
দগ্ধ নগরের মত উড়াইতে স্মৃতি-ভস্ম
কেন আছি পড়ি'!
বর্ত্তমান-হাহাকারে, ভবিষ্যৎ-অন্ধকারে
গত-স্বপ্ন ধরি'!
জীবনের মরুভূমে কোথা তুমি চিরস্নিগ্ধ
প্রেম-কল্লোলিনী!
চাপি' বক্ষ দুই করে যেথা যাই—মরীচিকা
মৃত্যুর সঙ্গিনী!
পারাবারে পোত-ভগ্ন মজ্জমান অভাগার
আশ্রয় কোথায়?
শত ইন্দ্রধনু-বর্ণে এ যে রে মৃত্যুর বাহু
ঘেরিছে আমায়!
কোথায় আনন্দ-স্বপ্ন! অদৃষ্টের ব্যঙ্গ,
বিকৃত কল্পনা!
দুরাশার উপহাসে মরণ-যন্ত্রণাধিক
আত্মপ্রবঞ্চনা!
পুনুর্মিলনে
পড়িয়া ঘটনা-স্রোতে, জানি না কি ভাগ্যবলে
উঠিনু হেথায়!
জানি না দেবতা কোন্ হ'ল অনুকূল আজি,
মিলা'ল তোমায়!