এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
কই সেই সুখ স্থির, সে মহান, সে গম্ভীর—
অনন্ত আকাশ সম আপনায় লীন?
সে আগ্রহ, সে নিগ্রহ, সে যন্ত্রণা অহরহ,
শত রবী শশী মরে—ভ্রূক্ষেপ-বিহীন!
কই সে করুণ-স্পর্শে শত স্বর্গ জাগে হর্ষে?
কই সে ভ্রূভঙ্গে শত নরক-সৃজন?
ধরণী লোটে না পায়ে ভাগ্য অচেতন-প্রায়,
জীবনে জাগে না আর সহস্র জীবন!
৪
কবি যোগী ঋষি ল'য়ে সে প্রেম উধাও হ'য়ে
পলাইয়াছে স্বর্গে—কিংবা নন্দনে, নির্ব্বানে!
ভূত দেহ আছে পড়ি', পিশাচের বেশ ধরি',
আমরা কি নৃত্য করি এ অমা-শ্মশানে!
ল'য়ে তার মৃদু হাসি গড়ি টীকা রাশি রাশি;
প্রাণ-গত অশ্রু ল'য়ে বাদ প্রতিবাদ;
নিঃশ্বাস প্রশ্বাস ধরি' আশ্লেষে বিশ্লেষ করি;
ইঙ্গিতে ভঙ্গিতে হেরি শঠতা প্রমাদ।
ভালোবাসা—চিরভক্তি, চাই পাণ,চাই শক্তি,
এ অনন্ত অনুভূতি খেয়ালের নয়;
বহু স্বার্থ-আত্ম-ত্যাগে, বহু জপে তপে যাগে,
বহু ধৃতি-ক্ষমা-যত্নে প্রেম সমুদায়।
৫
বল, প্রিয়া, ইহা কাম—বিধাতা সদাই বাম—
তুচ্ছ কুতূহল ইহা, সময়-যাপন;
রাগে মানে বেঁচে র'য়ে, মরে' যায় তৃপ্ত হ'য়ে—
বিরক্তি ভ্রূকুটি স'য়ে চুম্বনে মরণ।