এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বায়ু-দূত
যা, বায়ু, তাহার কাছে—
সে বুঝি ঘুমায়ে আছে,
নিয়ে যা গান্টী মোর ধীরে ধীরে তার কাছে;
নিয়ে যাস্ বুকে ক'রে,
দেখিস্ পড়ে না ঝরে',
বড় ভয় হয় মনে—বুঝিতে না পারে পাছে!
দেখিস আকুল হ'য়ে,
গানটীরে বুকে ল'য়ে
পড়িস্ না ছুটে' তার কোমল কিশোর-হৃদে!
ভয়ে আশা যায় টুটে'—
সে যদি কাঁদিয়া উঠে,
গানের বেসুর কোন যদি তার প্রাণে বিঁধে!
যা মোর গানটী নিয়ে
গঙ্গার উপর দিয়ে—
ছোট ছোট ধেউ-গুলি ঈষৎ পরশ করি';
একটু জোছনা মেখে',
একটু গোলাপে থেকে',
লতাদের বাহু-দোলা একটু হৃদয়ে ধরি'—
মাথাটী বাহুতে থুয়ে,
সে যেথায় আছে শুয়ে
আলু-থালু কেশ-জাল মাটীতে পড়িয়া লুটে;
আঁচল পড়েছে খসে',
কম্পিত উরসে বসে'
আকুল জোছনা-রাশি কাঁপিয়া কাঁপিয়া উঠে!