গোপন কথা, এত মন খুলে বলেছিলেন যে, আমার মনে সেটি গেঁথে গিয়েছে। কুমার বাহাদুর তুচ্ছ জিনিসকে উপেক্ষা করতেন, কিন্তু সেদিন দেখলুম তিনি একটি তুচ্ছ ঘটনাকে খুব বড় করে দেখেছেন, বোধহয় সেটি নিজের কীর্তি বলেই।
আমি প্রথমেই জিজ্ঞাসা করলুম—
—কেমন আছ?
—ঠিক উত্তর দেওয়া কঠিন। শরীর ভাল কিন্তু মন খারাপ।
—মন খারাপ কিসে হল?
—অর্থাভাবে।
—তোমার অর্থাভাব?
—হাঁ, তাই। এখন থেকে আমাকে ভিক্ষে করে খেতে হবে—এই ভয়ে মনটা মুড়ে গিয়েছে।
—তোমাকে ভিক্ষা করতে হবে?
—ভয় নেই! তোমার কাছে ভিক্ষা চাইতে আসি নি। তুমি সাহিত্যিক, দেবে কোত্থেকে?
—রসিকতা করছ?
—না, আমি সত্যসত্যই প্রায় নিঃস্ব হয়েছি। এখন বেঁচে থাকতে হলে, পরের অনুগ্রহে জীবনযাত্রা নির্বাহ করতে হবে;—যার শ্রুতিকটু নাম হচ্ছে ভিক্ষে করা। যদিচ অনেকেই তা করে। কেউ করে সরকারের কাছে মান ভিক্ষা; কেউ করে রমণীর কাছে প্রেম ভিক্ষা; আবার কেউ করে গুরুর কাছে জ্ঞান ভিক্ষা।