বিষয়বস্তুতে চলুন

পাতা:অণুকথা সপ্তক - প্রমথ চৌধুরী (১৯৩৯).pdf/৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
স্বল্প-গল্প
৪৯

ব্যবহার দেখছি দেখে সাহেব বললেন—“এরা সব সিপাহিদের মা, বোন ও স্ত্রী। এদের হাড় এত মজবুত না হলে কি বেঁটেখাটো গুর্খারা এমন মজবুত সিপাহি হতে পারত?”

 তারপর একটি সতেরো আঠারো বৎসরের পাহাড়ী মেয়ে গাড়ীর কাছে এসে বললে, “সাহাব, একঠো সিগারেট মাঙতা।” সাহেব তিলমাত্র দ্বিধা না করে তাকে একটি সিগারেট দিলেন। মেয়েটী অমনি আহ্লাদে হেসেই অস্থির।

 তারপর সাহেব বললেন, “পাহাড়ীদের আর একটা মস্ত গুণ এই যে, এরা ছিঁচ্‌কে চোর নয়। আমি কার্সিয়ংয়ে গাড়ীতে একটা খোলা টিন রেখে গিয়েছিলুম এই ভরসায় যে, এরা তার একটিও ছোঁবে না। ছিঁচ্‌কে চুরিতে ওস্তাদ হচ্ছে উড়েরা—cowardএর জাত কিনা।”

 কথাটা আমার মনে কাঁটার মত বিঁধল, কিন্তু আমি কিছুতেই মুখ ফুটে বলতে পারলুম না যে—আমিও ত তাই করেছি। বাধ্‌লো আমার self-respectএ, কিন্তু মনে মনে নিজের উপর ঘোর অভক্তি হয়ে গেল।

 তারপর থেকেই মনস্থির করেছি যে, যদি beg করতে হয় তাও স্বীকার, কিন্তু steal আর প্রাণ থাকতে করব না। চুরির সুবিধে এই যে, তা গোপনে করা যায়; আর beg করতে হয় প্রকাশ্যেই। শাস্ত্রে বলে, “ন গুপ্তিরনৃতং বিনা;”—এইত মুষ্কিল। একবার চুরি করলে হাজারটা মিথ্যে কথা বলে তা গোপন রাখ্‌তে হয়। মিথ্যে কথা বলবার প্রবৃত্তি আমার ধাতে নেই—