কারণ, একাল সেকালেরই পুনরুক্তি মাত্র। আমাদের প্রতি ব্যক্তির যেমন একটু আধটু বিশেষত্ব আছে, তাঁদেরও তেমনি ছিল। সেই বিশেষত্বই আমার মনে আছে, আর সেই কথা আপনাদের নিবেদন করতে চাই। কি সূত্রে এঁদের কথা আজ মনে পড়ে গেল, তা বলছি।
(২)
প্রগতি যে আমাদের হয়েছে, সে বিষয়ে সন্দেহ নেই। প্রগতির মানে কি?—কোনও বড় জিনিষের কোনও ছোট অর্থ নেই, যা দু’কথায় বোঝানো যায়; আর অনেক কথায় তার ব্যাখ্যা করতে গেলে, লোকে সে কথায় কর্ণপাত করবে না। প্রগতির প্রমাণ এই যে, আমি যদি বলি প্রগতি হয় নি, তবে লোকে বলবে—তুমি অন্ধ, আর না হয়ত তুমি সেকেলে কুপমণ্ডুক। দেখতে পাচ্ছ না যে, আমাদের কাব্যে ও চিত্রে, নৃত্যে ও গীতে কি পর্যন্ত প্রগতি হয়েছে ও হচ্ছে? তুমি প্রমথ চৌধুরী দেখ্ছ যে, আমরা আজও পরাধীন ও পরবশ;—কিন্তু ভুলে যাচ্ছ যে, আমাদের পরাধীনতাই আমাদের সকল প্রগতির মূল, আর তুমিও ঐ প্রগতির জোয়ারে খড়কুটোর মত ভেসে চলেছ।
আমি বলি—তথাস্তু। এখন জিজ্ঞাসা করি, দেশে প্রগতি আনলে কে?—যদি বল ইংরেজ, তাহ’লে কথাটা ঠিক হবে না। ইংরেজ ত আমাদের প্রগতির পথ বন্ধ ক’রে দিয়েছে India Act-এর বেড়া তুলে! এর পর আমাদের প্রগতির উল্টোরথ টানতে হবে।