বিষয়বস্তুতে চলুন

পাতা:অথৈজল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/১৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪৭
অথৈজল

 আঙুল দিয়ে দেখিয়ে বললাম—কোথায়?

 পান্না হেসে বললে—কে? মাসী? হরিসংকীর্ত্তন না কথকতা কি হচ্চে গলির মোড়ে, তাই শুনতে গিয়েচে! বুড়ির দল সবাই গিয়েচে। তাই মলিনাদের ঘরে একটু মজা করে চা আর সাড়ে বত্রিশ ভাজার মজলিস করছিলাম। আনবো আপনার জন্যে? দাঁড়ান—

 আমি ব্যস্তভাবে বললাম—শোনো, শোনো, থাক ওসব। কথা আছে তোমার সঙ্গে—

 পান্না যেদিক থেকে এসেছিল সেদিকে আবার যেতে যেতে বললে—বসুন ঠাণ্ডা হয়ে। বুড়িরা নিচ্চিন্দি হয়ে বেরিয়েচে—রাত ন’টার এদিকে ফিরবে না। চা আর ভাজা খেয়ে কথা হবে এখন বসে বসে।

 —বেশ আমি এত রাত্রে যাব কোথায়?

 —এখানে থাকবেন।

 —সে সাহস আমার নেই।

 পান্না ধমক দিয়ে বললে—আপনি না পুরুষমানুষ? ভর কিসের? আমি আছি। সে ব্যবস্থা করবো।

 —তুমি থাকলে তবু ভরসা পাই।

 —বলুন—আসচি—

 একটু পরেই পান্না চা আর বাদাম ভাজা নিয়ে ফিরলো। বললে—চলুন ঘরে।

 —না, আমি ঘরে যাবো না। এখানেই বসো।