বিষয়বস্তুতে চলুন

পাতা:অথৈজল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/২০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অথৈজল
১৯৮

 বললাম—ধরো তুমি যদি দু’দিন বসে থাকো, আসরের বায়না না পাও?

 —সে তুমি ভেবো না।

 —আমাকে বুঝিয়ে বলো কিসে চলবে। খাবো কি দু’জনে?

 পান্না হি হি করে হেসে ওঠে। ঘাড় দুলিয়ে বলে—খেতে পেলেই ত তোমার হোল? আমি চুপ করে রইলাম। সংসারের কোন খবরই রাখে না। কি কথা বলবো এ সম্বন্ধে ওকে?

 ও বললে—তুমি কি ভাবচো শুনি?

 —ভাবচি আমাকেও টাকা রোজগার করতে হবে।

 —বেশ, পার তো করো। আমি কি বারণ করেছি।


 —তুমি জানো আমি ডাক্তার। আমাকে কোথাও বসে ডাক্তারখানা খুলতে হবে, তবে রোজগার হবে।

 —এই বাসার নিচের তলাতে ঘর খালি আছে, ডাক্তারখানা খোলো।

 —তুমি ভারি মজার মেয়ে পান্না! অত সোজা বুঝি! টাকা কই, ওষুধপত্র কিনতে হবে, কত কি চাই। টাকা দেবে?

 —কত টাকা বলো?

 —হাজার খানেক।

 —কত?

 —আপাততঃ হাজার খানেক।

 —উ রে!