বিষয়বস্তুতে চলুন

পাতা:অথৈজল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অথৈ জল
৩২

পোড়ার মুখী বোনের উপকার সাহায্য করতে—মরে গেলে কোরো।

 শান্তির কথা শুনে আমার বড় মমতা হোল ওর ওপর। কেমন এক ধরনের মমতা।

 সুর নরম করে বললাম—ও সব কিছু করতে হবে না শান্তি—

 —তা হোলে বলো তুমি উপকার করবে?

 —তোমার উপকার করা মানে মহাপাপ করা। তুমি যে উপকারের কথা বলছো, তা কখনও ভালো ডাক্তারে করে না। আমি নিরুপায়।

 —সত্যি দাদা, সাধে কি ভক্তি হয় আপনার ওপর? আপনার ধূলির যোগ্য কেউ নেই এ গাঁয়ে।

 —আমার কথা ছেড়ে দাও শান্তি। আর একজন আছে এ গাঁয়ে—সে সত্যিই কোনো দুর্নীতি দেখতে পারে না সমাজের। সনাতনদা।

 শান্তি অবিশ্বাসের সুরে বললে—তুমি এদিকে বড্ড সরল, শশাঙ্কদা, ওকে তুমি বিশ্বাস কর?

 —কেন?

 —সনাতনদা এসেছে কাজ বাগাতে তোমার কাছে। খোশামোদ করা ছাড়া ওর অন্য কোনো কাজ নেই—

 —যাক্‌গে, ও কথার দরকার নেই, আমার কাছে কথা দিয়ে যাও তুমি আত্মহত্যার কথা ভাববে না।

 —আমার উপায় হবে কি তবে?

 —সে আমি জানিনে। তার কোন ব্যবস্থা আমায় দিয়ে হবে না।