দেখে অবাক হয়ে গিয়েচে। আবার কেউ কেউ বোকাও বলছে।
আমি তিরস্কারের কড়াসুরে বললাম—এমন করে আমার উপকার করবে না সনাতনদা, অনিষ্টই করবে; আমি তোমাদের দলাদলির মাথায় ঝাড়ু মারি। আমি ওসবের উচ্ছেদ করবো বলেই চেষ্টা করচি। এতে যে আমার দলে থাকবে থাকো, নয়তো দূর হয়ে চলে যাও—গ্রাহ্যও করি নে। কুচক্কুরেপনা যদি না ছাড়তে পারো—আমার সঙ্গে আর মিশো না।
সনাতনদা খুব দমে গেল কিন্তু সেটা চাপবার চেষ্টায় সহাস্য সুরে বললে হয়েচে নাও নাও। লেকচার মেকচার রাখো, একটু চা করতে বলে দাও দিকি বৌমাকে।
মঙ্গলগঞ্জ ডিসপেনসারির কাজ সেরে বার হয়েছি সেদিন সকাল সকাল বাড়ী ফিরবো, নৌকা বাঁধা রয়েচে বাজারের ঘাটে, এমন সময় ভূষণ দা এসে বললে—আজ যাবেন না ডাক্তারবাবু, আজ যে ঝুলনের বারোয়ারি—
—কখন?
একটু অপেক্ষা করতে হবে, সন্দের পর আলো জ্বেলেই আসর লাগিয়ে দোবো।
—যাত্রা?
—না ডাক্তারবাবু, আজ খেমটা। ভালো দল এসেচে একটি। কেষ্টনগরের। অনেক কষ্টে সুপারিশ ধরে তবে বায়না বাবা।