বিষয়বস্তুতে চলুন

পাতা:অথৈজল - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়.pdf/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৩
অথৈজল

আমাকে চিনতেই পারবে না। তা যদি হয়, সে আঘাত বড় বাজবে বুকে।

 গোবিন্দ দাঁ দেখি ডাক্তারখানায় বসে।

 আমায় দেখেই দাঁত বের করে বললে—হেঁ হেঁ ডাক্তারবাবু যে! এসেচেন?

 —কি ব্যাপার?

 —ব্যাপার কিছু নয়। ভাগ্যিস আপনি এলেন?

 —আমি? কেন অসুখ বিসুখ কারো?

 গোবিন্দ দাঁ সুর নিচু করে বললে—অসুখ যার হবার, তার হয়েছে! একজন যে মরে। সকাল থেকে সতেরো যার এন্‌কুয়ারি করচে ডাক্তারবাবু আজ আসবেন তো? আপনি না এলে তার অবস্থা যে কেষ্ট-বিরহে রাধার মত।

 রাগের সুরে বললাম—যাও, কি সব বাজে কথা বলো—

 গোবিন্দ দাঁ টেবিল চাপড়ে বললে—একটুও বাজে কথা নয়। মা কালীর দিব্যি। আবদুল হামিদকে তো জানেন? ঘোড়েল লোক। ও যতবার সে ছুঁড়ির সঙ্গে দেখা করবার চেষ্টা করেছে, ততবার সে হাঁকিয়ে দিয়েছে। আমি একবার গিয়েছিলাম কখন আসর হবে জিজ্ঞেস করতে। আমাকে বললে—ডাক্তারবাবু আজ আসবেন তো? আমি যেমন বলেছি, তা তো জানিনে আসবেন কি না, অমনি মুখ দেখি কালো হয়ে গেল।

 আমার বুকের ভেতর যেন ঢেঁকির পাড় পড়চে। গোবিন্দ দাঁ হাবাক জিংকের ব্যবসা করে, মানুষের মনের খবর ও কি জানবে। জানলে এ সব কথা কি বলতো?