এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
সপ্তদশ-সর্গ।
অথ মুনিগণকৃত শ্রীরামের প্রশংসা ও
শ্রীরামের মদগর্ব্ব।
রাক্ষস বধিয়া রাম আসি নিজ দেশ,
হইলেন মহারাজ গেল সব ক্লেশ।
মস্তকে ধরিরা ছত্র অনুজ লক্ষ্মণ,
ভরত চামর করে করেন ব্যজন।
তালবৃন্ত ব্যজন করেন শত্রুঘ্ন,
সম্মুখে করেন স্তব রাজা বিভীষণ।
দ্বারি বেশে হনূমান রহিলেন দ্বারে,
যুবরাজ সে অঙ্গদ সৈন্য রক্ষা করে।
জাম্বুবান সুসেন প্রভৃতি কপিগণ,
সভ্যগণ স্থানে সবে, বসিয়া তখন।
শ্রীরামের রাজ্য প্রাপ্তি হইল ঘোষণ,
আশীর্ব্বাদ করিতে চলিল মুনিগণ।
পূর্ব্বদিকস্থিত বিশ্বামিত্র তপোধন,
শিষ্যসহ সভাতে দিলেন দরশন।
দক্ষিণ দিকস্থ দণ্ডাত্রেয় আদি মুনি,
আইলেন সভাতে দেখিতে রঘুমণি।