এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৮
অদ্ভুত-রামায়ণ।
এতেক বলিয়া বীর ছাড়িল নিশ্বাস।
নিশ্বাসবায়ুতে রথ উঠিল আকাশ॥
ক্ষণমধ্যে অযোধ্যার দ্বারে উপনীত।
দেখিয়া শ্রীরামচন্দ্র অতি সলজ্জিত॥
রথ হৈতে নামি যান সীতার সদন।
সীতা জিজ্ঞাসেন রাম বধিলে রাবণ॥
এত শীঘ্র কেমনে হে বধিলে সে বীর।
সংবাদ কহিয়া নাথ মোরে কর স্থির॥
ব্যঙ্গবাক্য বুঝি রাম লজ্জিত অন্তর।
কহিলেন অশ্বগণ অতি ক্ষীণতর॥
নিশ্বাসে উড়িল রথ রাখিতে নারিল।
সে কারণে যুদ্ধ আদি কিছু না হইল॥
সীতা কন রাম তুমি নিজে বিশ্বম্ভর।
বিশ্বভারে কেন না রাখিলে রথবর॥
রাম কন ওকথা না ছিল হে স্মরণ।
নিশ্বাসে উড়িল রথ সেই সে কারণ॥
সীতা কন পুষ্পরথে নাহি প্রয়োজন।
চারি রথ সজ্জা কর যুদ্ধের কারণ॥
তিন রথে তিন ভাই আর সৈন্যগণ
তব রথে তুমি আমি পবননন্দন॥
চল দেখি রঘুবীর রাবণ সদন।
না উড়িবে রথ আমি করিলে গমন॥