এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
একবিংশ-সর্গ।
অথ রাবণকৃত শ্রীরামাদির দুর্গতি ও সীতার সহিত
রাবণের যুদ্ধাড়ম্বর।
ত্রিপদী।
এইরূপে বহুতর,হইল ঘোর সমর,
দুই দল সম বলবান্।
মহাযুদ্ধ রাত্র দিনে,কেহ নাহি হারে জিনে,
দেখি ভাবে সহস্র বয়ান।
ভুবনবিজয়ী আমি,হয়ে ত্রিলোকের স্বামী,
করি কপি নর সহ রণ।
শুনিবারে উপহাস,প্রকাশিতে মাননাশ,
অপযশে পূরিবে ভুবন।
এত ভাবি মহাকায়,বায়ুগামী রথে ধায়,
মীন প্রায় সমরসাগরে।
প্রবেশি শ্রীরামসৈন্যে,ভাবে বীর মনে মনে,
না বধিব এ নরবানরে।
এত ভাবি মতিমান্,যুড়িল বায়ব্য বাণ,
মহাকোপে হানে সৈন্যগণে।
বায়ুতে ঘূর্ণায়মান্,সৈন্য উঠিল বিমান,
সবে যান্ নিজ নিকেতনে।