এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৮৪
অদ্ভুত-রামায়ণ।
পয়ার।
সরযূ নদীর তীর রম্য স্থান অতি।
তথা আরম্ভিলা যজ্ঞ দেব রঘুপতি।
শত শত অশ্বমেধ বাজপেয় আদি।
রাজসূয় নরমেধ বরাহ ইত্যাদি।
করিলেন কত যজ্ঞ কে বর্ণিতে পারে।
অতএব শুন মুনি কহি অতঃপরে।
কিঞ্চিৎ অধিক এক সহস্র বৎসর।
নিষ্কণ্টকে রাজ্য পালিলেন রঘুবর।
দেবতা গন্ধর্ব্ব নাগ নর বনচর।
অপ্সরকিন্নর যক্ষ আদি নিশাচর।
সবে শ্রীরামের বশ সদা করে স্তুতি।
শিব ব্রহ্মা আদি যাঁরে করেন প্রণতি।
ভারদ্বাজ মহামতে এই রামায়ণ।
তব স্নেহে কহিলাম করিয়া বর্ণন।
শতকোটী শ্লোক মহাসমুদ্রের সম।
লিখিয়াছি রামায়ণ ওহে মুন্যুত্তম।
আশ্চর্য্য আশ্চর্য্য কথা লিখিয়াছি তায়।
কহিলাম সীতার মাহাত্ম্য হে তোমায়।
পুনরুক্তি আশঙ্কায় ওহে মুনিবর।
সে সব বর্ণিতে পুনঃ না লয় অন্তর।