এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১০
অদ্ভুত-রামায়ণ।
অথ অম্বরীশকে বিষ্ণুর ছলনা ও বরপ্রদান।
রাজার কঠোর তপে তুষ্ট নারায়ণ।
গরুড়ের প্রতি আজ্ঞা দিলেন তখন॥
ঐরাবৎ রূপ তুমি ধর খগবর।
আমি ইন্দ্র হয়ে আরোহিব তবোপর॥
এত শুনি বৈনতেয় হরি প্রতি কন।
কত মায়া জান মায়াধারী নারায়ণ॥
অতঃপর ঐরাবৎ হইলা গরুড়।
ইন্দ্র রূপে নারায়ণ হৈলা সমারূঢ়॥
চলিলেন যথা অম্বরীশ মহারাজা।
করিছেন কঠোর তপস্যা মহাতেজা॥
দেখি অম্বরীশের আশ্চর্য্য ব্যবহার।
সহস্র প্রশংসা হরি করিলা তাঁহার॥
অম্বরীশে ডাকি ইন্দ্ররূপী হরি কন।
তপস্যায় আর তব নাহি প্রয়োজন॥
করিলে কঠোর তপ সহস্র বৎসর।
না করিল কৃপা হরি কঠিন অন্তর॥
দেখিয়া তোমার কষ্ট হয়ে দুঃখ মন।
আসিয়াছি ইন্দ্র, বর লও হে রাজন॥
অম্বরীশ কহে কেবা ডেকেছে তোমারে।
না চাহি তোমার বর যাও স্থানান্তরে॥