এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চতুর্থ সর্গ।
২৩
রত্নাসনে দোঁহায় বসান সমাদরে।
সম্মুখে নৃপতি দণ্ডাইলা যোড়করে॥
মালা করে কন্যা যান মুনির গোচর।
মুনি না দেখিয়া দেখে দুইটী বানর॥
রাজা কন কেন বৎসে দাঁড়ায়ে রহিলে।
যারে মনে লয় মাল্য দেহ তাঁর গলে॥
কন্যা কন পিতঃ মুনি না দেখি নয়নে।
মর্কট আনন দেখিতেছি দুই জনে॥
নারদ পর্ব্বত তাঁরা দুই মহামুনি।
না দেখি তাঁদের কেন কহ পিত শুনি॥
মধ্যে দেখিতেছি এক পুরুষ রতন।
নব দুর্ব্বাদল জিনি অঙ্গের বরণ॥
পদ্মাসনে বসি পদ্ম যুগল নয়ন।
বামেতে রমণী কিবা রূপ সুগঠন॥
করিয়া দক্ষিণ কর মোরে প্রসারণ।
এস বলি ডাকিছেন সুহাস্য বদন॥
কুন্দকলি জিনি কিবা দন্তপঁক্তি শোভা।
ধাইতেছে ভৃঙ্গগণ হয়ে মধুলোভা॥
এত শুনি নারদ সন্দিগ্ধ চিত্ত হয়ে।
কন্যাকে জিজ্ঞাসে কহ রাজার তনয়ে॥
কয় করে শোভা করে পুরুষ-রতন।
সবিস্ময়া হয়ে কন্যা মুনি প্রতি কন॥