এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অদ্ভুত-রামায়ণ।
হে রাবণ আসিয়াছি ব্রহ্মা অবস্থান।
যাহা ইচ্ছা লও বর করিব প্রদান।
মম বাক্যে তপ ত্যজ অহে নিশাচর।
তব তপ তেজে ভস্মপ্রায় চরাচর।
মনোভীষ্ট সিদ্ধি তব হইবে এখন।
আমি বরদাতা বর করহ গ্রহণ।
সূর্য্যদৃষ্টি হৈতে নেত্রে কর নিবারিত।
দিব বর লও বৎস নিজ মনোনীত
ব্রহ্মবাক্যে ধ্যানভঙ্গ করে দশানন।
সম্মুখে কমলাসন সহ দেবগণ।
করযোড়ে প্রণমিয়া বিরিঞ্চিচরণে।
দশানন স্তব করে সে দশ আননে।
সৃষ্টি স্থিতি প্রলয় বিনাশ আদি ক্ষয়।
তব হৈতে জীব জন্ম আদি লয় লয়।
দিবারাত্র চন্দ্রসূর্য্য তারা গ্রহগণ।
তব আজ্ঞা পালে সদা করিয়া ভ্রমণ।
না জানি ভকতি স্তুতি আমি মূঢ়মতি।
অজ্ঞ অনভিজ্ঞ তুচ্ছ নিশাচর জাতি।
নিজগুণে যদি নাথ দিলা দরশন।
হইব অমর, বর কর হে অর্পণ।
পদ্মযোনি এত শুনি কহিলেন তবে।
সর্ব্ব জীব হৈতে অমরত্ব না পাইবে।