এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অষ্টম সর্গ।
৬৯
রাবণের কথা শুনি,সভয়ে যতেক মুনি,
সকলেতে করিলা মনন।
মোরা হই তপাচারী,রত্নধন দিতে নারি,
রক্ত দানে করি করদান।
এত ভাবি মুনিগণে,রাবণের সন্নিধানে,
চাহিয়া লইলা এক বাণ।
পরে যত তপাচারী,বাণে নিজ অঙ্গ চিরি,
রক্তে ঘট করিয়া পূরণ।
পূর্ণ করি ঘটবর,দিলা রাবণগোচর,
কহিলেন শুন দশানন।
হয়ে তুমি মদাসক্ত,লইলে মুনির রক্ত,
এই রক্তে বংশনাশ হবে।
মুনিবাক্যে ভীতমনে,চলিল লঙ্কাভবনে,
আশ্চর্য্য শুনহ মুনি তবে।
নিজ গৃহে আগমন,করি হর্ষে দশানন,
ডাকি মন্দোদরী প্রতি কন।
শুন প্রিয়ে মন্দোদরী,এই ঘট যত্ন করি,
নিজ ঘরে করহ স্থাপন।
বিষ হতে তেজস্করে,আছে বস্তু ঘটান্তরে,
আনিয়াছি মুনির শোনিত।
ইহা যেন কোন জন,কভু না করে ভক্ষণ,
ভূমে যেন না হয় পতিত।