বিষয়বস্তুতে চলুন

পাতা:অদ্ভুত রামায়ণ - সৌদামিনী দেবী.pdf/৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
নবম সর্গ।
৭৭


ইক্ষ্বাকুবংশের আমি নহি কুলাঙ্গার।
দ্বিজের সাক্ষাতে করি বীর্য্যের প্রচার।
রামবাক্যে জামদগ্ন্য কহেন তখন।
ছলবাক্য ছাড় ধনু কর হে গ্রহণ।
বারম্বার পরশুরামের বাক্যানলে।
শ্রীরামের স্নিগ্ধচিত্ত অগ্নিসম জ্বলে।
হস্ত পাতি শ্রীরাম চাহিলা ধনুঃশর।
ক্রোধে জামদগ্ন্য ফেলি কহিলেন ধর।
লম্ফ দিয়া রাম ধনু ধরি বাম করে।
চিবুকে চাপিয়া গুণ দিলেন সত্বরে।
পরে টঙ্কারিয়া শর পূরিয়া সন্ধান।
পরশুরামের প্রতি ক্রোধে রাম চান।
জামদগ্ন্য প্রতি কহিলেন ভগবান্।
ক্ষত্রিয়গণের মধ্যে তুমি বলবান্।
সেই অহঙ্কারে মত্ত সদা নিজ মনে।
সে দর্প তোমার চূর্ণ হৈল এত দিনে।
অতএব মম রূপ কর দরশন।
পাইবে পরম জ্ঞান মুনীন্দ্রনন্দন।
এতবলি বিশ্বরূপ করিলা ধারণ।
দামিনী পয়ার ছন্দে করিল রচন।
ধরিলা বিরাটমূর্ত্তি রাম রঘুবর।
স্বর্গ মর্ত্ত্য পাতাল যুড়িল কলেবর।