অতিরিক্ত চালাকের মতন তুমি খুনের জন্যে এমন একটা দিন নির্ব্বাচন করেছিলে, যেদিন হয়েছিল মতিবাবুর সঙ্গে বিনোদের ঝগড়া। তারপরে আমাদের ভিতরের খবর জানবার আর বিনোদের উপরে দোষ চাপাবার জন্যে তুমি সেজেছিলে পুলিসের সাহায্যকারী বন্ধু! তুমি হ'চ্ছ গভীর জলের মাছ! অসাধারণ মস্তিষ্কচালনা করেছিলে বটে, কিন্তু পাপীর সমস্ত চাতুয্যই মিথ্যা। ভগবান ঘুমিয়ে থাকেন না।
এত সেয়ানা হয়েও দত্ত ধরা পড়ল প্রধান তিনটে কারণে। প্রথমত, সেই তুচ্ছ চুণ-বালি-সুরকি-কয়লার গুঁড়ো। দ্বিতীয়ত, ভাঙা কাঁচের উপরে তার আঙুলের ছাপ। তৃতীয়ত, উপরচালাকি ক'রে সে যদি আমাকে চায়ের নিমন্ত্রণ না করত, তাহলে আমিও ঐ দ্রবীভূত বাতাসের অভাবিত ও বিস্ময়কর ব্যবহারটা আন্দাজে কল্পনা করতে পারতুম না। বলতে কি, দ্রবীভূত বাতাসের কথা একবারও আমি ভাবিনি। কিন্তু দত্তের রসায়নাগারে ঐ দুর্লভ জিনিষটিকে দেখেই আমার মনের ভিতরে জেগেছিল একটা আশ্চয্য সন্দেহ!
সতীশবাবু, এখনো কি আপনি বিনোদকে গ্রেপ্তার করতে চান? কিন্তু আর সে আপনাকে ভয় করবে না, দুদিন পরেই আবার তার দেখা পাবেন। খবরের কাগজে হত্যাকারীর গ্রেপ্তারের বিবরণ বেরুলেই বিনোদ আর অজ্ঞাতবাস করতে রাজি হবে না।
আমার দৃঢ় বিশ্বাস, বিনোদ এবারে ভালো ছেলে হবে।
৯৯