অষ্টম পরিচ্ছেদ
আবার খুন
প্রভাতী চা পান করতে করতে হেমন্তের সঙ্গে আলোচনা হচ্ছিল। আলোচ্য বিষয় ছিল, কুমারটুলির বিখ্যাত খ্যাঁদা বা খোকা গুণ্ডার কথা।
হেমন্ত বলছিল, “এটা তো ইংরেজের আদালতে প্রমাণিত একটা সত্য ঘটনা! বাংলা, ইংরেজী সব কাগজেই এর বিবরণ বেরিয়েছে। কিন্তু ভেবে দেখ রবীন, খ্যাঁদা আর তার দলবল সন্ধ্যার পরেই গরাণহাটা থেকে একটা হতভাগ্য লোককে প্রকাশ্য ভাবে বন্দী ক'রে কলকাতার জনতাবহুল পথ দিয়ে খানিক খোলা ট্যাক্সিতে চ'ড়ে আর খানিক পায়ে হেঁটে শোভাবাজার ছাড়িয়ে এল; পথের উপরেই তাকে খুন করলে; তার কাটা মুণ্ড নিয়ে আবার বটতলায় এসে এক বন্ধুকে দেখিয়ে গেল; তারপর মুণ্ডটা গঙ্গাজলে বিসজ্জন দিয়ে এল—অথচ কেউ তাকে কোন বাধা দিতে পারলে না, পথিকরাও নয়, পুলিস ও নয়। কোন উপন্যাসে এমন ঘটনা বেরুলে সমালোচকরা অস্বাভাবিক গাঁজাখুরি ব'লে চেঁচিয়ে ফাটাতেন সারা আকাশখানা! কিন্তু এখন তারা কি বলবেন?”
৭৯