এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ছুলু
আমাদের গ্রামে ছুলু নামের একটি ছেলে
প্রতিদিন সন্ধ্যায় আমাদের বাড়িতে আসত
ভাতের মাড় নিয়ে যেত মাটির সানকিতে।
আমার খুব শখ হতো লবণ মাখিয়ে মাড় খাওয়ার,
দাদি বলতেন তুই কেন মাড় খাবি?
ওরা ভাত খেতে পায় না তাই মাড় খায়।
আমি তবুও জেদ করে মাড় খেতে চাইতাম
ছুলুর মুখ তখন কালো থেকে কালোতর হতো।
ছুলুর খাবারে ভাগ বসাতে বসাতে আমি বড় হয়ে গেলাম,
ছুলু এখন চুলমান নাম ধারণ করে রিকশা চালায়।
আমরা ছুলুদের খাবারে ভাগ বসাতে বসাতে
তাদের ঘাড়ে পা রেখে রিকশায় চড়তে চড়তে
বড় হয়ে যাচ্ছি আর ছুলুদের সাথে দেখাই হয় না কোনোদিন।
অন্ধ সময়ের ডানা ৪১