অধ্যায় : এক
যুক্তি কেন জাতিস্মর মানে না
নিত্য আত্মা ছাড়া জাতিস্মর হয় না
চাল ছাড়া ভাত হয় না
আটা ছাড়া রুটি
নিত্য আত্মা ছাড়া জাতিস্মর হয় না
এ’কথাটা খাঁটি।
এই ছড়াটি রামকৃষ্ণ মিশনের এক ছাত্র আমাকে পাঠিয়ে ছড়ার তলায় লিখেছিলেন, “জাতিস্মরের অস্তিত্বই প্রমাণ করে আত্মা নিত্য, শাশ্বত, অমর”।
হ্যাঁ, সত্যি! খুব প্রয়োজনীয় ও মূল্যবান কথাটি লিখে পাঠিয়ে ছিলেন পত্রলেখক। জাতিস্মরের অস্তিত্ব প্রমাণিত হলে যেমন আত্মার অমরত্ব প্রমাণিত হয়; তেমনই আত্মা অমর নয় প্রমাণিত হলেও জাতিস্মরের অস্তিত্ব বিপন্ন হয়।
আত্মা সম্বন্ধে গীতায় বলা হয়েছে:
ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ
নায়ং ভুত্বা ভবিতা বা ন ভূয়ঃ
অজো নিত্যঃ শাশ্বতোঃয়েং পুরাণো
ন হন্যতে হন্যমানে শরীরে॥
অর্থাৎ, ইনি (আত্মা) কখনও জন্মান না বা মরেন না, অথবা একবার জন্মগ্রহণ করে আবার জন্মাবেন না,—এমনও নয়; ইনি জন্মহীন, নিত্য, অক্ষয়, অনাদি; শরীর হত হলেও আত্মা হত হয় না।
এই অবস্থায় জাতিস্মরের অস্তিত্ব-অনস্তিত্ব নিয়ে মাথা ঘামানোর আগে আত্মা বলতে বিভিন্ন ধর্মমত কি বলছে, আত্মাকে কি সংজ্ঞায় বাঁধা হয়েছে, আত্মার একাধিক জন্মের বিশ্বাস অর্থাৎ 'জন্মান্তর' প্রসঙ্গে অন্যান্য ধর্মমতগুলোই বা কি বলে, এ’গুলো জেনে নেওয়া খুবই জরুরি। জরুরি ভাবার কারণ কী? সেটা একটু তলিয়ে দেখা যাক।
১৫