বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
১৫৩

 কেবলমাত্র শিরোরেখার শুরুতে শিকল থাকলে দেখা যায় জাতক জীবনের শুরুতে মস্তিষ্কের ভারসাম্যহীনতায় ভুগলেও পরবর্তী সময়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে।

 শিকল শিরোরেখার শুধুমাত্র মধ্যভাগে থাকলে মধ্য-জীবনে মানসিক অসুস্থতা বোঝায়।

 শিরোরেখার শেষপ্রান্তে শিকল থাকলে শেষ জীবনে মানসিক অসুস্থতা বোঝায়।

 শিরোরেখাটি যখন অভগ্ন না হয়ে কিছু ছোট ছোট রেখার সমন্বয়ে গড়ে ওঠে তখন জাতকের পক্ষাঘাত-প্রবণতা নির্দেশ করে।

আয়ুরেখা

 আয়ুরেখা তর্জনীর কিছুটা নিচে থেকে শুরু হয়ে বুড়ো আঙুলের নিচের শুক্রের ক্ষেত্রটিকে ধনুকের মতো বাঁক দিয়ে ঘিরে মণিবন্ধের দিকে যায়।

 আয়ুরেখা থেকে শারীরিক কাঠামো, জীবনীশক্তি, কর্মক্ষমতা, ভ্রমণ ইত্যাদির হদিশ পাওয়া যায়।

 আয়ুরেখা থেকে শুরু হয়ে কোনও রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রের দিকে যায় তবে জাতকের উচ্চাকাঙ্ক্ষা ও কাজ করার তীব্র ইচ্ছে দেখা যায়। এই বৃহস্পতির দিকে এগিয়ে যাওয়ার রেখাটিতে কোনও যব বা দ্বীপ চিহ্ন থাকার অর্থ, জাতক তীব্র ইচ্ছাকে কার্যকর করতে গিয়ে অত্যধিক পরিশ্রমের শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়বে।

 আয়ুরেখা থেকে শুরু হয়ে কোনও রেখা যদি শনির ক্ষেত্রের দিকে যায় তবে জাতকের স্বভাব হবে কঠোর পরিশ্রমী, বিষণ্ণ ও একা থাকতে ইচ্ছুক।

 আয়ুরেখা থেকে শুরু হয়ে কোনও রেখা যদি রবির ক্ষেত্র পর্যন্ত যায় তবে বোঝা যায় জাতক বহু মানুষের সঙ্গে চলতে ও তাদের কাছে প্রিয় হতে ইচ্ছুক। এরা সাধারণত সুবক্তা, অভিনেতা, রাজনীতিক হয়।

 আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে শুরু হলে কোনও জাতকের উচ্চাকাঙ্ক্ষা, বয়সের চেয়ে বেশি বুদ্ধির পরিপক্বতা বোঝায়

 আয়ুরেখা মঙ্গলের প্রথম ক্ষেত্র বা ভারতীয় মতে বাহুর ক্ষেত্র থেকে শুরু হলে জাতক অতি সাহসী হয়। বিপদের মুখে ঝাঁপিয়ে পড়তে সামান্যতম দ্বিধা করে না।

 আয়ুরেখা থেকে কোনও রেখা বেরিয়ে যদি চন্দ্রের ক্ষেত্রের দিকে যায় তবে তা জাতকের বিদেশ ভ্রমণ নির্দেশ করে।

 আয়ুরেখাটি মণিষ্কের কাছাকাছি এসে দুটি ভাগ হয়ে গেলে এবং অপেক্ষাকৃত স্পষ্ট রেখাটি ক্ষেত্রের দিকে গেলে বোঝায় জাতক তাঁর দেশ ছেড়ে বিদেশেই স্থায়ী আস্তানা গড়বে।