বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৮
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

তেল, আটা, বেবিফুড ইত্যাদি অনেক কিছুই। জল, বায়ু, খাদ্য বিনা জীবন ধারণ অসম্ভব। সুতরাং মানবজীবনে এদের প্রভাব অস্বীকার করা নেহাতই যুক্তিহীনতা জলের আর এক নাম জীবন। জল ছাড়া যেমন প্রাণীর প্রাণ বাঁচে না, তেমনই দূষিত জল প্রাণেও মারে। বন্যার জল প্রতি বছর বহু মানুষকে গৃহহীন করে, শস্যহানি ঘটায়, গৃহপালিত পশু ও মানুষদের প্রাণহানি ঘটায়। সুতরাং জ্যোতিষশাস্ত্রের যুক্তিকে মেনে নিলে আমরা অবশ্যই ধরে নিতেই পারি, মানুষের জীবনে জলে প্রভাব যেহেতু অনস্বীকার্য, তাই জল মানুষের ভাগ্যকে পূর্বনির্ধারিত করে রেখেছে। জলই ঠিক করে দেবে এবারের পরীক্ষায় জাতক পাশ করবে কি না, পার্কের জমিটা লিজ নিয়ে ব্যবসা করতে পারবে কি না, আগামী বছর প্রমোশনটা পাবে কি না, আগামী বছর অ্যাডফিল্মের মতো চেহারার একটি মেয়ের সঙ্গে বিয়ে হবে কি না।

 মানবজীবনে লোডশেডিং-এর প্রভাব কম নয়। লোডশেডিং-এর ওপর ভিত্তি করে জেনারেটর, ইনভারটার, পাওয়ার প্যাকের শিল্প ও ব্যবসা গড়ে উঠেছে। লোডশেডিং-এর চোটে অনেক ব্যবসা উঠেও গেছে। লোডশেডিং-এ হাঁটতে গিয়ে রাস্তায় গাড্ডায় পড়ে পা ভাঙে। লোডশেডিং-এ ছেনতাইবাজদের ব্যবসা বাড়ে। ফ্রান্সের মেয়েকে জীবনসঙ্গিনী করে নিয়ে এলেন কলকাতায়। বাড়িতে লোডশেডিং-এ পাখা চলার ব্যবস্থা না থাকায় জীবনসঙ্গিনী জীবন থেকে বিদায় নিতেই পারেন। গরমকালের রাত, লোডশেডিং—সামনে পরীক্ষা সারারাত হাওয়ার অভাবে হাঁসফাঁস করে জেগে কাটিয়ে পরীক্ষা দিতে গেলে অবস্থাটা তেমন সুখকর না হওয়ারই সম্ভাবনা। সুতরাং মানবজীবনে লোডশেডিং-এর প্রভাব স্বীকার করতেই হয়। আর জ্যোতিষ ফর্মুলায় লোডশেডিং নির্ধারিত করে দেবে আমাদের জীবনের অনেক কিছুই, এই যেমন এখনি যে সাদা কলমটা দিয়ে এই কথাগুলো লিখছি তা হয়তো লোডশেডিং দ্বারাই নির্ধারিত ছিল।

 ভেজাল তেলে পঙ্গু, বেশি তেলে কোলেস্টেরল বৃদ্ধি, তেলের অভাবে চুল ও শরীরে রুক্ষতা, তেল নিখোঁজ হলে লাইনে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট, সবই যখন হচ্ছে দেখতে পাচ্ছি, তখন মানবজীবনে তেলের প্রভাবকে অস্বীকার করি কী করে? সুতরাং তেলও নিশ্চয়ই একই যুক্তিতে গ্রহ-নক্ষত্রের মতই ভাগ্যনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কিন্তু এর পরও অনেকে প্রশ্ন তুলবেন, তাই বলে জন্মকালীন ছকে শুধুমাত্র ‘তেল’-এর তৎকালীন অবস্থান বারোটা ঘরের একটা ঘরে বসিয়ে দিলে বিচারে যথেষ্ট ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। কারণ তেল বহু প্রকার। ভোজ্যতেল যেমনভাবে আমাদের জীবনকে প্রভাবিত কবে, ডিজেল কি পেট্রল তেমনভাবে প্রভাবিত করে না? তার প্রভাব অবশ্য অন্য ধরনের।

 এমনভাবে বহু বস্তুর নামই টেনে আনা যায়, যারা আমাদের প্রভাবিত করে। সুতরাং জ্যোতিষীদের যুক্তি মেনে নিলে জন্ম পত্রিকার ১২টি ঘরে এ-সবেরও জন্মকালীন অবস্থান একান্তই প্রয়োজনীয় হয়ে পড়ে।