বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
২৯১

আঙুলের গ্রহ-রত্নকে বিসর্জন দিয়েছেন এবং আমাদের যুক্তিবাদী শিবিরেই ‘আপনজন’ হয়েছেন। এটা আমাদের বিশেষ করে যুক্তিবাদীদের কাছে অবশ্যই একটা বড় মাপের জয় বই কী!

 শ্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এর পরই যে অনুষ্ঠানে দেখা হয়েছিল, সেটি হল ২৭ জুলাই ১৯৮৮। ‘স্কাই ওয়াচার্স অ্যাসোসিয়েশন’ ও ‘ঢাকুরিয়া সায়েন্স ক্লাব’-এর যৌথ উদ্যোগে ঢাকুরিয়া এণ্ড্রুজ স্কুলের অডিটোরিয়ামে ‘জ্যোতিষ বনাম জ্যোতির্বিজ্ঞান’ শিরোনামে আলোচনার আয়োজন করেছিলেন। খোলা আমন্ত্রণ রাখা হয়েছিল জ্যোতিষীদের উদ্দেশে। ওখানেই আবার দেখা হলো শ্রী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে আমার বক্তব্যের শেষ অংশে বলেছিলাম, শেষ করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আমরা গভীর বিস্ময়ের সঙ্গে কিন্তু কয়েকটা জিনিস লক্ষ্য করছি। আমাদের আশেপাশের শ্রদ্ধেয় মানুষদের বিপরীত চরিত্র। এরা একই সঙ্গে জ্যোতিষবিরোধিতাও করেন, আবার জ্যোতিষশাস্ত্রের পক্ষেও থাকেন। অর্থাৎ ব্যবহারিক জীবনে আর বক্তব্য রাখার ক্ষেত্রে দু’রকম। আমাদের জীবনচর্চার সঙ্গে জীবনের সত্যকে যদি না মিশিয়ে নিতে পারি, সেটা কিন্তু আমাদেরই ভণ্ডামি। গত ৯ এপ্রিল যে আন্তর্জাতিক জ্যোতিষ সম্মেলন হয়েছিল বসু বিজ্ঞান মন্দিরে, সেখানে কিন্তু বেশ কিছু মন্ত্রী শুভেচ্ছাবাণী পাঠিয়েছিলেন। কিন্তু একজন যুক্তিবাদী হিসেবে আমি দুঃখিত হয়েছি, অবাক হয়েছি, যখন দেখেছি, যাঁরা নিজেদের যুক্তিনিষ্ঠ বলে প্রচার করেন, সেই মার্কসবাদী দলের নেতা মন্ত্রী হয়ে কথার সঙ্গে কাজকে মেলাবার চেষ্টা না করে জ্যোতিষ সম্মেলনের উদ্দেশে শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন। আমরা আতংকিত হয়েছি, যখন দেখেছি, একজন জ্যোতির্বিজ্ঞান বিষয়ে পণ্ডিত ব্যক্তি জ্যোতিষীদের উদ্দেশে উপদেশ দিয়েছেন—আপনারা জ্যোতিষশাস্ত্রকে বিজ্ঞান বলে প্রমাণ করতে চাইলে ৫০০ খ্রিস্টাব্দে রচিত সূর্য-সিদ্ধান্তনির্ভর পাঁজিকে বিসর্জন দিয়ে এফিমারিসের সাহায্যে গ্রহ-নক্ষত্রের অবস্থান নির্ণয় করে গণনা করুন। এই উপদেশে স্পষ্টভাবেই ওই বিজ্ঞানীর জ্যোতিষ-বিশ্বাসই প্রতিফলিত হয়েছে। এমনটা প্রত্যাশিত নয়। আশা করব, ভবিষ্যতে তিনি কোনও বিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে বক্তব্য না রেখে বিজ্ঞান-প্রাপ্ত তথ্য প্রমাণের ওপর নির্ভর করে বক্তব্য রাখবেন।

 উত্তর দিতে শ্রী বন্দ্যোপাধ্যায় উঠলেন। বললেন, প্রবীরবাবুর বক্তব্যের লক্ষ্য আমি। তাই এই বিষয়ে উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি।

 শ্রী বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্যে স্বীকার করলেন, আমি তাঁর জ্যোতিষ সম্মেলনে দেওয়া বক্তব্য বিকৃত করে পেশ করিনি। তবে সেই সঙ্গে তিনি একাধিক যুক্তি সহ বললেন, জ্যোতিষশাস্ত্র আদৌ বিজ্ঞান-ভিত্তিক কোনও শাস্ত্র নয়। উত্তর দিতে গিয়ে আমি বলেছিলাম, গত ৯ জুলাই প্রসঙ্গে অমলেন্দুবাবু একটু আগে যে কথাগুলো বললেন, খুব সুন্দর বললেন। কিন্তু বক্তাদের এখানে বক্তব্য