বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২০
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

 এবার সোনালি মুখ খুলল। “আমার হাজব্যাণ্ড এখন আবার ফিল্ম প্রডিউজ করতে নেমেছে। ওঁর ফিল্মে নায়িকা নিয়েছে এঁকে।”

 —“হ্যাঁ, হাঁ, ছবি দেখেই বুঝেছি যে তোমার দিওয়ানা ছিল, এখন সে এই নতুন পঞ্জির দিওয়ানা হয়েছে। তোমার হাজব্যাণ্ড নয়া হিরোইনকে একটা গাড়ি প্রেজেণ্ট করেছে না?”

 সোনালি কঁকিয়ে উঠল, “হ্যাঁ একটা মারুতি প্রেজেণ্ট করেছে।”

 —“সে তো দেখতেই পাচ্ছি। একটা ফ্ল্যাট ভি প্রেজেণ্ট করেছে?” বলবন্তজির এমন দিব্যদৃষ্টি সোনালির কাটা ঘায়ে নুন ছিটল। শোকে ডুকরে উঠল—ঠিক বলেছেন।

 বলবন্তজি এবার শুধু বললেন—হুঃ। তারপর পাক্কা এক মিনিট চুপ করে রাজভোগ সাইজ চোখ করে তাকিয়ে রইলেন ছবির দিকে। সম্ভবত প্রাক্তন নায়িকার দিকে। তারপর আমার চোখে চোখ রেখে জানিয়ে দিলেন, নায়িকার মা আমার জামাইকে বশীকরণ করেছেন।

 সোনালি তো তাই শুনে কেঁদেই ফেলল, আমার অবস্থাও কাহিল। শত হলেও একমাত্র মেয়ের বাবা হিসেবে এত বড় আঘাত সহ্য করি কী করে! বলবন্তজি এখন আমাদের একমাত্র ভরসা। আমরা দু-জনেই জানিয়ে দিলাম, আপনি যা করার করুন। জামাইকে ফেরান।

 বলবন্তজি বললেন, তিনি আজ রাতে বজরংবলির কাছ থেকে জেনে নেবেন জামাইয়ের ওপর কী ধরনের বশীকরণ করা হয়েছে। বশীকরণ দু’কিসিমের হয়। হিন্দুতন্ত্র মতে বশীকরণ, ইসলাম ধর্ম মতে বশীকরণ। হিন্দু মতে বশীকরণ করা হয়ে থাকলে, কাটাতে তাবিজ তৈরি করার খরচ পড়ে যাবে বিশ হাজার টাকা। ইসলাম ক্রিয়াকরমে বশীকরণ করা হয়ে থাকলে তা কাটাবার মতো ক্ষমতা রাখে এরকম তান্ত্রিকের খোঁজ পাওয়া মুশকিল।

 আমরা দু’জন ভয় পেয়ে যাওয়া মানুষ। শেষ ভরসা হিসেবে বলবন্ত জিকেই ধরে বসলাম, যা করার আপনাকেই করতে হবে।

 আমাদের দু-জনের আকুতি আর চোখের জলে বলবন্তজি টললেন। বললেন, বহুত কঠিন ক্রিয়াকরম, হাঙ্গামাওয়ালা কাজ, বহুত খরচাভি হবে। কমসে কম দু লাখ রুপিয়া।

 এখন আর খরচের কথা ভেবে লাভ নেই। জামাই খরচ হয়ে যাওয়ার চেয়ে, জামাইকে ফিরে পাওয়ার জন্য খরচ করা বুদ্ধিমানের কাজ। তাই বলেই ফেললাম, খরচার জন্যে ভাববেন না। যা লাগবে দেব।

 —ঠিক আছে। কাল সকালেই মেয়েকে নিয়ে চলে আসুন। নিজের হাতে তাবিজটা বেঁধে দেব। তারপর দেখবেন, জামাই আপনারা মেয়ের পায়ের চারপাশে কুকুরের মতো ঘুরঘুর করছে।