অতিথিদের হাতে ফুলের তোড়া তুলে দেওয়া হলো। একজন এগিয়ে এসে আমার গায়ে শাল জড়িয়ে দিলেন। মাইকে তখন ঘোষণা চলছে—যুক্তিবাদী প্রবীর ঘোষকে সংবর্ধনা জানাচ্ছেন এই উৎসবের প্রধান পৃষ্ঠপোষক জ্যোতিষ সম্রাট তরুণ আচার্য।আমার দুই সঙ্গী রবি ও অধীরের হাতে তুলে দিলেন পুলওভার।
এই প্রথম তরুণ আচার্যকে ভালো করে দেখার সুযোগ পেলাম। স্বাস্থ্যবান হাট্টাকাট্টা চেহারা। শ্যামবর্ণ। মাঝারি উচ্চতা। বয়স চল্লিশের আশে-পাশে। ঠোটে আরোপিত বিনয় ঝুলিয়ে রেখেছেন।
‘অলৌকিক নয়, লৌকিক' অনুষ্ঠান শুরু করলাম। শুরুতেই সমিতির কাজকর্মের সঙ্গে পরিচয় ঘটাবার পালা। বললাম, কেউ অলৌকিক ক্ষমতার দাবি করলে তাকে আমাদের সামনে হাজির করুন। আমরা এই মাঠেই এসে আপদের সামনে তার ভণ্ডামি ফাঁস করবো। পাক্কা কথা। জ্যোতিষীদের নিয়ে আমাদের একটি স্লোগান খুবই জনপ্রিয় হয়েছে—“যে যত বড় জ্যোতিষী, সে তত বড় প্রতারক”। আর জ্যোতিষ সম্রাট মানে হল প্রতারকদের সম্রাট। আমি বোধহয় অন্যায় করলাম। তরুণ আচার্যকে কোনও প্রমাণ জ্ঞাপনের সুযোগ না দিয়েই অনেক আজে-বাজে কথা বলে ফেললাম। একটা বাম্পার সুযোগ তাঁকে দিচ্ছি। তিনি প্রমাণ করুন তাঁর অতীত-বর্তমান-ভবিষ্যৎ বলার ক্ষমতা আছে এবং আমার কান মুলে নিয়ে যান ২০ লক্ষ টাকা।
মঞ্চে তখন অনেকের মধ্যেই অস্বস্তি খলবল করছে। দর্শকরা আনন্দে লাফাচ্ছেন। ‘একজন কর্মকর্তা আমাকে অনুরোধ করলেন বক্তব্য বন্ধ করে ‘অলৌকিক নয় ...’ অনুষ্ঠান শুরু করতে।
পাবলিক হই-হই করে উঠলেন, প্রবীর ঘোষকে থামানো চলবে না। চ্যালেঞ্জের মুকাবিলা করতে হবে জ্যোতিষ সম্রাটকে। পাবলিক ডিমাণ্ডে আবার পড়লাম জ্যোতিষ সম্রাটকে নিয়ে। বললাম, তরুণবাবু, এক মাসের মধ্যে আপনার দেওয়া দিনেই চারজনকে নিয়ে আসব হাত দেখাতে। প্রশ্ন থাকবে অতি সহজ-সরল। যেমন—আয়, বিয়ের বয়েস ইত্যাদি।
এর মধ্যে যেন কোনও প্রতারণার সুযোগ না থাকে তাই আপনি যাদের হাত দেখবেন, তাদের ছবি তোলা হবে ডিজিটাল ক্যামেরায়। ঠিক এক বছর পরে এইখানে নববর্ষের উৎসবে আপনি আপনার গণনায় কী পেলেন জানাবেন। যাদের হাত দেখবেন, তাঁরাও হাজির থাকবেন। উত্তর শুনে তাঁরা জানাবেন—মিলল কি না। হাতের মালিকরা মিথ্যে বলছেন মনে হলে তিনজন সাংবাদিককে নিয়ে একটা কমিটি সেদিনই গড়া হবে। তাঁরা তিন দিনের রিপোর্ট পেশ করবেন। যেদিন চ্যালেঞ্জের ফয়সলা হবে, সেদিনই টাকা, ড্রাফট বা চেক দিতে বাধ্য থাকব। নতুবা তরুণ আচার্য একটা কাজ করুন, সাত দিনের মধ্যে চারজনের আগাম মৃত্যুদিন ঘোষণা করুন। এই চারজন হলেন শ্রী জ্যোতি বসু, শ্রীঅটলবিহারী বাজপেয়ী,