বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৩৮
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

হলে জ্যোতিষশাস্ত্র না পড়েই জ্যোতিষীদের চেয়েও ভাল ভবিষ্যদ্বক্তা হয়ে উঠতেই পারেন।

 জ্যোতিষীরা জানেন জ্যোতিষশাস্ত্রের দৌড় কতদূর। তাই তাঁরা বর্তমানে এক নতুন কথার আমদানি করেছেন, এবং বিভিন্ন প্রচারমাধ্যমগুলোর সাহায্যে সে-কথা প্রচারও করছেন—“জাতকের কবে কখন সুদিন-দুর্দিন আসবে, ঠিক কি ডিগ্রি পাবে; প্রেমের পরিণতি ঠিক কেমন হবে, যশ ঠিক কতটা আসবে, ঠিক কবে চাকরি জুটবে, কবে কোন পদে প্রোমোশন মিলবে, জ্যোতিষ সেই সঠিক পরিমাপ বা দিনক্ষণ বাতলাতে পারে না। সময় বা পরিমাপ বা সম্ভাবনার একটা মোটামুটি আভাস দিতে পারেন মাত্র।”

কেন পারেন না? তার যুক্তিও ওঁরা হাজির করেছেন বহুভাবে; (১) ভাগ্য + প্রচেষ্টা = ফল, (২) ভাগ্য+ পূর্বজন্মের কর্মফল = ফল; (৩) ভাগ্য + প্রচেষ্টা + পূর্বজন্মের কর্মফল = ফল; (৪) ভাগ্য + গ্রহরত্ন বা ধাতু = ফল; (৫) ভাগ্য + গ্রহরত্ন ইত্যাদি + গ্রহস্তব = ফল; (৬) ভাগ্য + গ্রহরত্ন ইত্যাদি + প্রচেষ্টা = ফল; (৭) ভাগ্য + প্রচেষ্টা + ইত্যাদি = ফল; (৮) ভাগ্য + প্রচেষ্টা + ঈশ্বরকৃপা = ফল; (৯) ভাগ্য + ঈশ্বর কৃপা + গ্রহরত্ন ইত্যাদি = ফল; (১০) ভাগ্য + পূর্বজন্মের কর্মফল + ঈশ্বরকৃপা = ফল; (১১) ভাগ্য + প্রচেষ্টা + ঈশ্বর কৃপা + গ্রহরত্ন ইত্যাদি =ফল; (১২) ভাগ্য + পূর্বজন্মের কর্মফল + প্রচেষ্টা + ঈশ্বরকৃপা + গ্রহরত্ন ইত্যাদি = ফল...

 এমনি আরো বহু যুক্তি (?) টেনে যাওয়াই যায় এবং জ্যোতিষীরা তা টানতে শুরু করেছেন। কারণ তাঁরা যুক্তিবাদীদের কাছে আক্রান্ত হতে শুরু করার সঙ্গে সঙ্গে জাতকের জীবনের নানা সম্ভাবনার কথা বলার মধ্যেই ভবিষ্যদ্বাণীগুলোকে সীমাবদ্ধ রাখতে চান। কিন্তু তাঁদের এইসব কুযুক্তি আদৌ ধোপে টেকে কি? আমাদের এই জীবনে আমরা যে ফল ভোগ করছি, তার জন্য কতটা ভাগ্য দায়ী? কতটাই বা কর্মফল? ঠিক কতটা ঈশ্বরকৃপা বা কোপ আমাদের ভাগ্যকে প্রভাবিত করে? ঠিক কতটা করে গ্রহরত্ন? কতটুকু ভূমিকা আছে প্রচেষ্টার? কতটুকুই বা গ্রহস্তবের? আমাদের ভাগ্যের ক্ষেত্রে যদি এমন বহুবিধ বিষয়ের সুনির্দিষ্ট প্রভাব বাস্তবিকই থেকে থাকে, তবে তার প্রভাবগত শক্তির পরিমাপ বিষয়ে মীমাংসারও একান্তই প্রয়োজন। এই মীমাংসা ভিন্ন ভাগ্য গণনা যে ভুলে ভুলে ছয়লাপ হয়ে যাবে! এমন মীমাংসার আগে সঠিক ভাগ্যগণনার দাবি করা যে নিছকই প্রতারণা, এ বিষয়ে নিশ্চয়ই জ্যোতিষচর্চাকারীরা একমত হবেন। জ্যোতিষ পেশার মানুষগুলোর অবশ্য একমত না হওয়াই স্বাভাবিক; কারণ, এই প্রতারণার উপর নির্ভর করেই চলে তাঁদের সংসারের প্রতিপালন, পাশাপাশি