এরিকার ব্যাখ্যাটাও মোটামুটি একই রকম। একটু তফাত আছে। কী তফাত, সেটা যুক্তিবাদী বিশ্লেষণে বলছি।
যুক্তিবাদী বিশ্লেষণ:
অভীক মজুমদার কবিতাটার যে অনুবাদ করেছেন, তাতে মূল কবিতাকে বিকৃত করা হয়েছে। অবিকৃত অনুবাদ করলে কবিতাটা দাঁড়ায়:
লণ্ডনে ঘটবে এক অশুভ ঘটনা,
আগুনে পুড়বে তিনগুণ কুড়ি, যোগ ছয় :
বয়স্ক মহিলার পতন হবে তাঁর উচ্চাসন থেকে,
তাঁরই বংশের আরও অনেকে পড়বে মারা।
এরিকা চিটহ্যাম প্রথম দু-লাইন ব্যাখ্যা করেছেন একদম অভীক মজুমদারের মতোই। তৃতীয় লাইনের ব্যাখ্যা করতে গিয়ে এরিকা বলেছেন ‘বয়স্ক মহিলা’ মানে এখানে সেণ্ট পলস্ ক্যাথিড্রাল। আগুনে ক্যাথিড্রালের পতন হয়েছিল।
‘তাঁরই বংশের আরও অনেকে পড়বে মারা’—এই লাইনের মানে এরিকার মতে এই যে, আগুনে সেণ্ট পলস্ গির্জার মতো আরও কিছু ছোট ছোট গির্জা শেষ হয়ে যাবে। পাঠকরা ভেবে দেখুন তো, তৃতীয় ও চতুর্থ লাইনে নস্ট্রাডামুস সেণ্ট পলস্ ক্যাথিড্রাল, আর অন্যান্য গির্জা ভেঙে যাবার কথা বলেছেন বলে মনে হয়? নিশ্চয়ই নয়। নস্ট্রাডামুস হয়তো বলতে চেয়েছিলেন–লণ্ডনে একটা অগ্নিকাণ্ড ঘটবে। সেই অগ্নিকাণ্ডের ফলে ইংলণ্ডের রানি তাঁর স্থান হারাবেন। রানির বংশের অনেকে আগুনে মারা পড়বে। কিন্তু সেরকম কিছু ঘটেনি। তাই চতুর ব্যাখ্যাকাররা বয়স্কা মহিলা বলতে সেণ্ট পলস্ ক্যাথিড্রালের নাম উল্লেখ করে বসলেন। অভীববাবু আর এক ডিগ্রি উপর দিয়ে চলেন। তৃতীয় আর চতুর্থ লাইন মূল কবিতাতে যথেষ্ট জোরদার নয় বলে তিনি ওই দুটো লাইনের বয়ানই বদলে দিলেন অনুবাদের সময়ে! চমৎকার! এই না করলে কিশোর-পাঠকদের মাথা খাবেন কেমন করে? তাদের আবার অন্ধকার-যুগে নিয়ে যাবেন কেমন করে?
“তিনগুণ কুড়ি যোগ ছয়”। মানে ছেষট্টি। সন্দেহ নেই। কিন্তু দ্বিতীয় লাইনে কোথায় বলা হয়েছে যে, আগুন লাগবে ১৬৬৬ সালে? দ্বিতীয় লাইনের দ্বারা হয়তো নস্ট্রাডামুস বলতে চেয়েছিলেন ৬৬টা বাড়ি পুড়বে, অথবা ৬৬টা মানুষ পুড়বে,...অন্তত কবিতা পড়লে, সেরকমই মনে হচ্ছে। কবিতার দ্বিতীয় লাইন পড়লে কখনই মনে হচ্ছে না নস্ট্রাডামুস বলতে চেয়েছিলেন—১৬৬৬ সালে লণ্ডন আগুনে পুড়বে। ৬৬ মানে ১৬৬৬-ই হবে কেন? কেন ১৪৬৬ বা ১৫৬৬ নয়? কেনই বা ১৭৬৬, ১৮৬৬ হবে না? এমন কি কবিতাতে কোথাও লেখা নেই আগুন লাগবে ৬৬তে। বরং বলা হয়েছে আগুনে পুড়বে ৬৬। নস্ট্রাডামুস সম্ভবত ভরসা রেখেছিলেন ভবিষ্যতের জ্যোতিষীরা এই কবিতাকে শেষ পর্যন্ত ঠিকই মিশিয়ে দেবেন, ৬৬টা গাউন পুড়েছে, বা ৬৬টি জুতো পুড়েছিল বলে মিলিয়ে দেওয়া এমন কোনও কঠিন কাজ হবে না; শুধু ৬৬ নিয়ে তো কথা।অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড] – ২৪