বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৭৮

কবিতা—১৪ (সেঃ—8)

La mort subite du premier personnage,
Aura change & mis un autre au regne;
Tost, tard venu a si haut & bas aage,
Que terre & mer faudra que on le craigne.

 এর অর্থ হল:

এক বিশাল ব্যক্তিত্বের সহসা মৃত্যুর ফলে,
এক নতুন ব্যক্তিত্ব আসবে শাসনে
এই উঁচু পদ সে পাবে অতি অল্প বয়সেই,
জলে, স্থলে, সকলেই তাঁকে করবে সমীহ।

 ব্যাখ্যাকারের ব্যাখ্যা: জন এফ. কেনেডি

 “আমেরিকার রাষ্ট্রপতি জন এফ. কেনেডির আগমনের কথাই সম্ভবত নস্ট্রাডামুস তার অতিন্দ্রীয় দৃষ্টিতে দেখে এই কবিতাতে লিখে গেছেন” – এরিকার ধারণা। তিনি অবশ্য এও স্বীকার করেছেন যে, এই কবিতা অন্য ঘটনার সঙ্গেও ‘সম্পর্কিত’ করা যেতে পারে।

 বয়স্ক জেনারেল আইসেন হাওয়ারের মৃত্যুর পর শাসনে আসেন অল্পবয়সী জন এফ. কেনেডি। কাজেই, হতে পারে, এই কবিতাটা কেনেডির সম্বন্ধেই লেখা।

 যুক্তিবাদী বিশ্লেষণ:

 এই কবিতাতে আর একবার নস্ট্রাডামুসের ধূর্ততার প্রমাণ পেলাম। কবিতাটা আসলে একদম সাধারণ, যাকে বলে সাদামাটা। অতি সাধারণ বুদ্ধিতেই আন্দাজ করা যায় যে, পৃথিবীর কোথাও, কখনো এক বড় ব্যক্তির মৃত্যুর পর অন্য এক অল্পবয়সী ব্যক্তি তাঁর জায়গা নেবেন। এতো সাধারণ ঘটনা। এত আকছারই ঘটছে। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর অল্পবয়সী রাজীব গান্ধী এসেছিলেন। বোমা বিস্ফোরণ হায়দার আলির মৃত্যুর পর এসেছিলেন অল্পবয়সী টিপু সুলতান।

 কিন্তু নস্ট্রাডামুস কবিতাটা এমনভাবে গুরুত্ব সহকারে লিখলেন যে এই ঘটনা তিনি তাঁর অতিন্দ্রীয় দৃষ্টির সাহায্যে দেখেছেন। এখানেই তাঁর ধূর্ততা। আর ব্যাখ্যাকার এরিকা কবিতাটা জুড়ে দিলেন জন এফ. কেনেডির জীবনের সঙ্গে। এরিকার বোধহয় পশ্চিমী ইতিহাসটাই বেশি জানা, তাই বেশিরভাগ কবিতাই জুড়েছেন পশ্চিমের ব্যক্তিত্বদের সঙ্গে। ভারতের ইতিহাস জানা থাকলে হয়তো টিপু সুলতান, বা রাজীব গান্ধীর সঙ্গেই কবিতাটা ‘সম্পর্কিত’ করে দিতেন।