কবিতা—৭ (সেঃ—৬)
Norneigre & Dace, & l'isle Britannique,
Par les unis freres seront vexees :
Le chef Romain issue de sang Gallique,
Et les copies au forestz repoulsees.
অর্থ:
অবস্থার অবনতি হবে নরওয়ে, ডাসিয়া ও ব্রিটেনের,
এই দুই সম্মিলিত ভাইয়ের জন্য :
এই রোমান নেতা, যার জন্ম আসলে ফ্রান্সে,
বিপক্ষ সৈন্যদের পিছু হটিয়ে ঢুকিয়ে দেবেন অরণ্যে।
ব্যাখ্যাকারের ব্যাখ্যা: হিটলার ও মুসোলিনী
এরিকা চিটহ্যামে’র মতে, এখানে যে দুই ভাইয়ের কথা বলতে চাওয়া হয়েছে, বাস্তবে তাঁরা ভাই-ই নন। আসলে এখানে বলতে চাওয়া হয়েছে হিটলার আর মুসোলিনী’র কথা। তাঁদের সম্মিলিত শক্তির জন্য যে সব জায়গার অবস্থার অবনতি হয়েছিল, তার মধ্যে ছিল নরওয়ে, ডাসিয়া (রুমানিয়া) ও ব্রিটেন। আর চতুর্থ লাইনে যে ‘বিপক্ষ সৈন্যদের কথা বলা হয়েছে, তা আসলে তাঁদের বিরুদ্ধে গড়ে ওঠা জন-আন্দোলন। সে আন্দোলনকে তাঁরা পিছু হটাতে পেরেছিলেন।
যুক্তিবাদী বিশ্লেষণ:
এই ব্যাখ্যার সবচেয়ে বড় খুঁতই হচ্ছে তৃতীয় লাইনটা—“এই রোমান নেতা, যার জন্ম আসলে ফ্রান্সে”, যেটাকে সাবধানে এড়িয়ে গেছেন এরিকা। হিটলার বা মুসোলিনী, কেউই রোমান নেতা ছিলেন না, ফ্রান্সেও জন্মাননি। নস্ট্রাডামুস এই কবিতাতে স্পষ্টতই দুই ভাই, অর্থাৎ সহোদরের কথা বলতে চেয়েছেন। হিটলার-মুসোলিনী মোটেই ভাই ছিলেন না। এরিকা তাঁর ছলচাতুরির দ্বারা আমাদের বোঝাবার চেষ্টা করেছেন, এখানে 'ভাই' কথাটা ভিন্ন অর্থে প্রয়োগ করা হয়েছে। কিন্তু যুক্তিবাদী হিসেবে আমরা তা মেনে নিতে পারি না।
একইভাবে এরিকা আমাদের মধ্যে ‘বিপক্ষ সৈন্য’, আর ‘বিরোধী জন-আন্দোলন' শব্দের মানে গুলিয়ে দেবার চেষ্টা করেছেন। ‘অরণ্য’টা তাহলে কী?—এ প্রশ্নেরও উত্তর মেলে না।
অতএব, দেখা যাচ্ছে এ কবিতাতেও এরিকার ব্যাখ্যা মিলের চেয়ে গরমিলই বেশি।
৩৯১