বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]
৪১১

না। তাঁর ধারণা—জাদু মানেই মন্ত্রতন্ত্র, অলৌকিক ব্যাপার-স্যাপার। অন্তত কবিতার ব্যাখ্যা পড়ে তো তাই মনে হচ্ছে। যাঁর জাদু সম্বন্ধে সামান্যতম জ্ঞানটুকুও নেই, তিনি নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণী সম্বন্ধে আমাদের কী জ্ঞান দেবেন? যাঁর নিজের চিন্তাই অস্বচ্ছ, তিনি আমাদের স্বচ্ছ চেতনার উন্মেষ ঘটাবেন কী করে?

কবিতা—৯২ (সেঃ—৯)

Le roi vouldra dans cite neuf entrer
Par ennemis expugner lon viendra
Captif libere faulx dire & Perpetrer
Roi dehors estre, loin d’ennemis tiendra.

 এর মানে:

রাজা প্রবেশ করতে চাইবেন নতুন শহরে
তাঁরা শত্রুদের হাত থেকে শহরকে ফেরত পাবার চেষ্টা চালাবেন
এক বন্দীকে ছেড়ে দেওয়া হবে অভিনয় করতে ও কথা বলার জন্য
রাজা থাকবেন বাইরে, শত্রুদের হাত থেকে অনেক দূরে।

 ব্যাখ্যাকারের ব্যাখ্যা: নিউ ইয়র্ক শহরের বিপদ

 কবিতার বক্তব্য থেকে এটা মোটামুটি স্পষ্ট, ভবিষ্যদ্বাণীতে রয়েছে কোনো একটি শহর শত্রু কবলে চলে যাবার আভাস। রাজা শহরটাকে ফিরে পেতে চেষ্টা করবেন, দূর থেকে।

 এখন এরিকা ব্যাখ্যা করেছেন, শহরটা হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক। কেন? কারণ নতুন শহর মানে New City, New City মানেই New York। বুঝুন ব্যাপার!

 আর ‘রাজা’ মানে এক্ষেত্রে প্রেসিডেণ্ট। তিনি দূরে থাকবেন মানে এই যে, তিনি মাটির তলায় গুপ্ত কোনো আশ্রয়ে থেকে যুদ্ধ পরিচালনা করবেন। এসব ঘটবে সম্ভবত তৃতীয় বিশ্বযুদ্ধের সময়ে। (আরও দু-একটা কবিতাতে এরিকা New City’র মানে করেছেন New York.)

 যুক্তিবাদী বিশ্লেষণ:

 নতুন শহর কীভাবে নিউ ইয়র্ক হল আপনারা দেখলেন। নতুন শহর মানে তো পশ্চিমবাংলার সল্টলেক বা নিউটাউনও হতে পারে। আরও শয়ে শয়ে নতুন শহর আছে, তৈরি হচ্ছে। কিন্তু সেসব তর্ক আর করছি না। সারা বইতে অনেক তো তর্ক করলাম। এবার এই ব্যাখ্যার বিশ্লেষণের জন্য আর তর্ক নাই বা করলাম। আপনারা তো এরিকার এবং অন্যান্য ব্যাখ্যাকারদের কাণ্ডকারখানা সম্বন্ধে এখন পুরোপুরি ওয়াকিবহাল। তাই আপনারাই বিচার করে স্থির করুন, নতুন শহর মানে নিউ ইয়র্ক হতে পারে কি না।