বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪১৬
অলৌকিক নয়, লৌকিক [তৃতীয় খণ্ড]

নতুন হাজার বছরের কাছাকাছি
যখন মৃতরা উঠে আসবে কবর থেকে।

 ব্যাখ্যাকারের ব্যাখ্যা: অলিম্পিক গেমস।

 এরিকা ইতস্তত ভাবের সঙ্গে মতপ্রকাশ করেছেন, এটা ১৯৭৬-এর অলিম্পিক সম্বন্ধে ভবিষ্যদ্বাণী হ’তে পারে। ১৯৭৬-অলিম্পিকে কয়েকজন ইসরায়েলি খেলোয়াড় খুন হয়েছিলেন। এখানে হয়তো সেই ‘হত্যার খেলা’র কথাই বলতে চাওয়া হয়েছে। ‘নতুন হাজার বছরের’ মানে ২০০০ সাল থেকে ২৯৯৯ সাল অবধি। ‘নতুন হাজার বছরের কাছাকাছি’ নামে ২০০০ সালের কাছাকাছি ঘটবে ঘটনাটা। ১৯৭৬ সালটা নতুন হাজার বছরের কাছাকাছি নয় কি? ‘যে বছর পা দেবে সাত’এ–এর মানে এই হতে পারে যে ১৯৭৬-এ ‘৭’ সংখ্যাটা রয়েছে।

 যুক্তিবাদী বিশ্লেষণ:

 আমার ধারণা কবিতাটা ‘থার্ড অ্যাণ্টিখ্রাইস্ট’ সংক্রান্ত। ১৯৭৬ এর অলিম্পিক ছিল ২১ তম অলিম্পিক; ফলে যে বছর পা দেবে সাত-’এ–এই বাক্যটা তো মোটেই খাটবে না। ‘একে দেখা যাবে’—‘এ’ কে? ‘হত্যার খেলা’ মানেই অলিম্পিক? অলিম্পিকে কি শুধু হত্যাই হয়? ‘নতুন হাজার বছর’—কথাটাও পরিষ্কার নয়। ৩০০০ সালের কাছাকাছিও তো নতুন হাজার বছরের কাছাকাছি।

 আচ্ছা, ব্যাখ্যাটা যদি এমনভাবে করি—‘নতুন হাজার বছরের কাছাকাছি’ ‘যে বছর পা দেবে সাত’এ–একথার অর্থ ২০০৭। সে-বছর মানুষ হত্যার খেলায় মেতে উঠে নিজেদের করবে ধ্বংস। আসবে ‘ডুমস্ ডে’। মৃতেরা উঠে আসরে কবর থেকে।

 ধর্মভীরু খ্রিস্টানরা বিশ্বাস করেন, একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আসবে ‘ডুমস্ ডে’, যেদিন কবর ফুঁড়ে সমস্ত আত্মারা উঠে আসবে, এবং তাদের প্রত্যেকের বিচার হবে ঈশ্বরের (?) দরবারে, সেদিনই ঠিক হবে কারা স্বর্গে যাবে, আর কারাই বা যাবে নরকে। নস্ট্রাডামুস হয়তো ‘ডুমস্ ডে’ এবং পৃথিবী ধ্বংস হওয়ার বছরটি কবে, সে বিষয়েই ভবিষ্যদ্বাণী করেছিলেন? কিন্তু আমার মতো ব্যাখ্যাকারের বদলে ফালতু ব্যাখ্যাকারের হাতে পড়ে ‘ডুমস্ ডে’ হয়ে গেছে ‘অলিম্পিক’।

 আর একটা কথা চুপি চুপি বলছি—‘ওটা ২০০৭ এর বদলে ১৯৯৭ বা ৩০০৭ নয় কেন?’ এ কথা আমাকে জিজ্ঞেস করবেন না। আমিও ওদের মতো ফেঁসে যাব।