বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৪১৭

কবিতা—৮৪ (সেঃ—১০)

La naturelle a si hault hault non bas
Le tard retour fera martis contens,
Le Recloing ne sera sans debatz
En empliant & pendant tous son temps.

 অর্থাৎ:

জারজ কন্যাটির স্থান হবে উঁচুতে, নিচে নয় মোটেই
দেরিতে তার প্রত্যাবর্তন আনন্দিত করবে দুঃখীদের,
প্রত্যাবর্তিতাকে নিয়ে সমালোচনা হবে প্রচুর
অঢেল চাকরি দেওয়া, ও সময় নষ্ট করার জন্য।

 ব্যাখ্যাকারের ব্যাখ্যা: এলিজাবেথ—১

 এরিকা বলেছেন, কিছু লোকের ধারণা, এই কবিতা এলিজাবেথ—১ সম্পর্কে। কেননা পোপ চতুর্থ পল তাঁকে জারজ সন্তান বলে ঘোষণা করেছিলেন। ব্যস, এর বেশি যুক্তি দেননি এরিকা।

 যুক্তিবাদী বিশ্লেষণ:

এলিজাবেথ—১ আদৌ জারজ ছিলেন কিনা এ ব্যাপারে বিতর্ক রয়েছে। কেউ কেউ বলেন, তাঁর মা প্রথাগত বিয়ে করেননি। তাই তাঁর বিয়েটা আইনসম্মত নয়, ফলে প্রথম এলিজাবেথ জারজ সন্তান ছাড়া আর কিছুই নন।

 এ সম্পর্কে বলি অনেকেই প্রথাগতভাবে ঈশ্বরকে সাক্ষী রেখে বিয়ে করেন না, বিয়ে করেন না মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। তাহলে তো তাঁদের সন্তানরাও ‘জারজ’?

 কবিতার পরবর্তী তিন লাইনের ব্যাখ্যা ব্যাখ্যাকাররা দেননি। কারণটা বোধহয়, পরবর্তী তিনটি লাইন ইতিহাসের সঙ্গে বড় একটা মেলে না। অর্থাৎ শুধুমাত্র প্রথম লাইনের ওপর নির্ভর করেই ব্যাখ্যাকার ব্যাখ্যা করেছেন এই কবিতার। এ হেন ব্যাখ্যা কি গ্রহণযোগ্য? পাঠকরা কী বলেন?

কবিতা—১০০ (সেঃ—১০)

Le grand empire sera par Angleterre,
Le pempotam des ans plus de trois cens :
Grandes copies passer par mer & terre,
Les Lusitains n’en seront pas contens.

 এর অনুবাদ করলে দাঁড়ায়:

ইংল্যাণ্ডের জন্য এক বিশাল সাম্রাজ্য,
তিনশো বছরের অধিক সময় ধরে শক্তিশালী :
বিশাল বাহিনী হেঁটে যাবে স্থল, আর সমুদ্রের ওপর দিয়ে,
পর্তুগিজরা হবে না সন্তুষ্ট।

অলৌকিক নয়, লৌকিক (তৃতীয় খণ্ড) – ২৭