বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/১২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১১৬
অলৌকিক নয় লৌকিক ২

 এখানে কে নিশ্চিতভাবে ঘটনা ঘটাচ্ছে, তা বলার মতো কোনও অকাট্য প্রমাণ আমাদের হাতে নেই বটে, কিন্তু যুক্তিগুলো পরপর সাজালে মনে হয় ঘটনাগুলো ঘটানোর সম্ভাবনা কিশোরটিরই সবচেয়ে বেশি। কিশোর বয়সে বা যৌবন সন্ধিক্ষণে শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু সমস্যা দেখা দেয়। বিচ্ছিন্নতার সমস্যা, একাকিত্বের সমস্যাও এর মধ্যে অন্যতম। কিশোরটি সেই সমস্যাতে পীড়িত হতেই পারে। তারই হয়তো বহিঃপ্রকাশ ঘটেছে বড়দের পীড়িত করার চেষ্টায়। এ-ক্ষেত্রে তেমন সম্ভাবনাও রয়েছে। অমিয়বাবু রাজনীতি নিয়ে ব্যস্ত থাকেন। মা তাঁর স্কুল নিয়ে। বাবা মা’র স্নেহ থেকে, তাঁদের কাছে পাওয়া থেকে অনেকটাই বঞ্চিত হবার সম্ভাবনা রয়ে গেছে। যখন বাবা ঘরে থাকেন, তখনও তাঁকে ঘিরে থাকে অন্য মানুষেরাই। ব্যস্ত রাজনীতিবিদের পক্ষে এটাই স্বাভাবিক জীবন, এ-কথা যেমন সত্যি, তেমনই সত্যি এক ঘরের ছোট্ট ফ্ল্যাটে মা-বাবার অনুপস্থিতির একাকিত্ব যেমন সৌম্যকে হতাশাগ্রস্ত করে তুলতে পারে, তেমনই বহুজনের ভিড়ে বড় বেশি একা করেই বার বার নিজেকে আবিষ্কার করতে পারে সৌম্য। ঘরে পড়াশুনোর মতো পরিবেশের অভাব তাকে একটু একটু করে লেখাপড়ার জগৎ থেকে দূরে ঠেলে সরিয়ে দিতে পারে। অনুবঙ্গ হিসেবে পাল্টাতে পারে বন্ধুজগতের পরিবেশ। ওর ক্ষোভ, হতাশা থেকে বড়দের উত্ত্যক্ত করার জন্য ও এমনটা করতেই পারে।

 অমিয়বাবু সরাসরি প্রায় চ্যালেঞ্জ জানালেন, স্বীকার করছি কাচ আধ ঘণ্টা থেকে দেড় ঘণ্টার মধ্যে ভাঙত। আজ ছ’ঘণ্টা পর্যন্ত ভাঙেনি। কিন্তু আপনারা চলে যাবার পর আবারও ভাঙতে পারে। আমার ছেলেকে ঘরে রাখব না। অন্য কোথাও পাঠিয়ে দেব। কিন্তু তারপরও যে ভাঙবে না, সে গ্যারাণ্টি আপনি দিতে পারবেন।

 বললাম, আপনার চ্যালেঞ্জ আমাদের সমিতি গ্রহণ করছে। কিন্তু ঘরে কেউই থাকবে না। ঘর ‘সিল্’ করে দেব। ছ’দিন, ছ’সপ্তাহ, ছ’মাস—এতদিন সিল্ থাকবে কিছু ভাঙবে না, উল্টোবে না। আপনি কি এই শর্তে রাজি হবেন? না, রাজি উনি হননি।

 পরের দিন ‘The Telegraph’, ‘আজকাল’, ‘বর্তমান’, ‘বসুমতী’ পত্রিকায় যথেষ্ট গুরুত্ব সহকারে আমাদের সমিতি কর্তৃক কাচ ভাঙা রহস্যভেদের খবর প্রকাশিত হয়।

 খবরটা কিন্তু এখানেই শেষ হয়নি। ৫ ডিসেম্বরের গণশক্তিতে আবার