মুখোপাধ্যায়ের স্বাক্ষরিত চিঠিটির উল্লেখ করছি। চিঠিতে তাঁরা জানিয়েছেন:
আমরা যৌথভাবে আনন্দবাজার পত্রিকার ‘সম্পাদক সমীপেষু’ বিভাগে এবং আজকাল পত্রিকার ‘প্রিয় সম্পাদক’ বিভাগে দুটি চিঠি পাঠিয়েছি। চিঠি দুটির প্রতিলিপি আপনার কাছে পাঠালাম। এই বিষয়ে আপনার মতামত আমরা প্রকাশ্যে জানতে আগ্রহী, আপনি নীরব থাকলে আমরা অবশ্যই ধরে নেব, আপনি মিথ্যা প্রচারের সুযোগ নিয়ে যশ, প্রতিপত্তি বৃদ্ধিতে ইচ্ছুক একজন ধূর্ত ভণ্ড ও প্রতারক। এই একই চিঠি আমরা জাদুকর পি সি সরকার (জুনিয়র)-কেও পাঠিয়েছি। আশা রাখি, আমাদের এই সত্যকে জানার যুক্তিনিষ্ঠ প্রচেষ্টাকে আপনারা দুজনেই স্বাগত জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
যে দুটি চিঠি তাঁরা পাঠিয়েছিলেন, তার প্রতিলিপি এখানে তুলে দিচ্ছি—
‘প্রিয় সম্পাদক’
আজকাল
৯৬, রাজা রামমোহন সরণি
কলকাতা-৭০০০৯
জাদুকর পি সি সরকার (জুনিয়র) ‘চিটিং ফাঁক’-এর নামে যে সব তথ্য ও তত্ত্ব পরিবেশন করছেন; সেগুলোর বিশুদ্ধতা সম্বন্ধে যথেষ্ট সন্দেহ থেকে যাচ্ছে। জাদুকর সরকারকে বিনীত অনুরোধ, জাদু নিয়ে থাকুন, জাদু নিয়ে লিখুন, কিন্তু রাতারাতি বিজ্ঞানমনস্ক সাজতে যাবেন না। বিজ্ঞানমনস্ক সাজা যায় না, হতে হয়।
জাদুকর সরকার একজন অলৌকিকত্বের ধারক-বাহক। তাঁর কথায়—আমার মতে আত্মা জিনিসটা সম্পূর্ণ বাস্তব, কিন্তু চলতি বিজ্ঞান এখনও তাকে ঠিক মতো সমঝে উঠতে পারেনি। তিনি আর এক জায়গায় বলেছেন, ‘ভূত সম্পর্কে আমরা জানি না বুঝি না বলে উড়িয়ে দেওয়া মোটেই ঠিক নয়। বড় বড় বৈজ্ঞানিকেরা কেউই কিন্তু উড়িয়ে দেননি।’ আরও সুন্দর কথাও তাঁর কলমে আমরা পড়েছি—‘আজকে যেটাকে ভৌতিক ভাবছি, আগামী দিনে সেটা হয়ত পরিষ্কার বিজ্ঞান বলে পরিচিত হবে।’
এই তিনটি উক্তি তোলা হয়েছে, ‘কিশোর মন’ পত্রিকায় ‘অমর আত্মার কাহিনি’ রচনা থেকে।
জাদুকর সরকারের এইসব বিজ্ঞান-বিরোধী কথার এখানে শেষ নয়। তিনি নিজেও নাকি এক ভূতের কাছ থেকে উপকার পেয়েছেন।