বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ভূতুড়ে তান্ত্রিক
২২৭

বিরুদ্ধে এই বিজ্ঞাপন যুদ্ধ শুরু হয়েছে। বিজ্ঞাপনদাতা শ্যামাপদ ঘোষ-সহ প্রতিটি বুজরুক এবং তাঁদের ধারকবাহকদের উদ্দেশে জানাই টাকার জোরে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে আমাদের দেশে গড়ে ওঠা কুসংস্কার বিরোধী গণ আন্দোলন বন্ধ করার ক্ষমতা আপনাদের নেই। আপনাদের বিজ্ঞাপন প্রমাণ করে আপনারা ভীত, সন্ত্রস্ত। তাই মিথ্যাচারিতাকে আশ্রয় করে গণবিজ্ঞান আন্দোলনকে আঘাত করতে চাইছেন। আমি আবার চ্যালেঞ্জ করছি আপনাদের গুরুদেবকে বলুন, সবসমক্ষে তাঁর অতীন্দ্রিয় ক্ষমতা প্রমাণ করতে। চ্যান্সেঞ্জ গ্রহণের ধৃষ্টতা যদি আপনার গুরুদেবটি দেখান তাহলে তাঁর মাথা যুক্তিবাদী মানুষের পায়ে তথা আন্দোলনের কাছে নত হতে বাধ্য হবে।

প্রবীর ঘোষ, সম্পাদক, ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি।

কেন এই লেখা?
আমরা ক্ষুব্ধ

(১)

 জনৈক প্রবীর ঘোষের 'আমার চ্যালেঞ্জাররা' শীর্ষক লেখা পড়লাম। ১২ ফেব্রুয়ারি রবিবাসরে। এ ধরনের একজন আনাড়ির লেখা আজকালের মতো প্রথম শ্রেণির দৈনিকে প্রকাশিত হয়েছে দেখে আমরা বিস্মিত। প্রবীর ঘোষ বহু মহাপুরুষের নামে বহু বাজে উক্তি করেছেন। এর মধ্যে লেক টাউনের শ্রীশ্রীশিবকালী আশ্রমের অধ্যক্ষ গৌতম ভক্তিসিদ্ধান্ত ভারতীকে নিয়ে একটি ভুল ছবিও প্রকাশ করেছেন। এতেই প্রমাণিত হয়, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা ও আচার্যদেবকে হেয় করাই তাঁর উদ্দেশ্য। আমরা তাঁর এই হীন মনোভাবে ক্ষুব্ধ। আমরাও প্রবীর ঘোষকে চ্যালেঞ্জ জানাচ্ছি, গৌতম ভারতী ঠাকুর সম্পর্কে তিনি যা লিখেছেন তার সত্যতা তাঁকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারলে আমরা তাঁকে ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা দেব। প্রবীরবাবু নিচের ঠিকানায় কবে আসতে পারবেন জানলে খুশি হব। আমরা তাঁর জবাবের অপেক্ষায় রইলাম।

বিজয় দাশগুপ্ত, ৭/২, যশোর রোড, কলি-২৮।
অসীম কুমার মিত্র, কলি-৯১।
কাজল কুমার পোদ্দার, কলি-১
রজত পাল, কলি-৫০ এবং আরও অনেকে।