প্রশ্নে পরাজিত গৌতম ভারতী প্রবীরবাবুকেই অনুরোধ করেছিলেন ‘তন্ত্রমন্ত্রের বুজরুকি/কথাবার্তা প্রকাশ না করতে। এখন প্রকাশিত বিজ্ঞাপনে কিন্তু এর উল্টো কথাই বলা হয়েছে।
যাঁদের নামে এই বিজ্ঞাপন বেরিয়েছে তাদের একজন দমদম পৌর প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সেক্রেটারি বিজয় দাশগুপ্ত। ‘ঐশী শক্তির জয়’ শিরোনামে প্রকাশিত বিজ্ঞাপনের ছবি সম্বন্ধে প্রশ্ন করতেই তিনি বললেন, ছবি তোলার সময় তিনি উপস্থিত ছিলেন না। তিনি ছিলেন পুরীতে। ঘটনাটি লেকটাউনের। তা সত্ত্বেও তিনি জানালেন, বিজ্ঞাপনের দায়িত্ব তাঁরই। একই মর্মে ‘প্রবীর ঘোষ পরাজিত’ শিরোনামে আর একটি বিজ্ঞাপনও মুদ্রিত হয়েছিল। সেই প্রসঙ্গে বিজ্ঞাপক শ্যামাপদ ঘোষ বললেন, প্রবীরবাবু তাঁদের বিরুদ্ধে অপপ্রচারে নেমেছিলেন। ‘কিন্তু আশীর্বাদ তো তিনি নিয়েছেন, আমরা সেটাকেই ঘুরিয়ে প্রচার করছি।’
গেলাম গৌতম ভারতীর কাছেই। বাঘছালের আসনে বসে থাকা এক দোহারা যুবক। জানতে চাইলাম। আপনি কি অলৌকিক-শক্তিমান?—“আমি? আমি কিছুই না। সবই মা। আমি কী তা কে বলবে। তোমরা বলো।” লক্ষ্য ভক্তরা। তাঁরা গুরুর আশ্চর্য সব ক্ষমতার কথা বললেন। গুরু জানিয়ে দিলেন ক্ষমতা তার নয়, ‘ক্ষমতা মায়ের’। তা সত্ত্বেও তিনি পার্থিক সম্পদ কিন্তু পান ভক্তদের কাছ থেকেই। যদিও তাঁর নিজের কথায় “আমি কিছু নিই না। ওরা দেয়। জোর করে দেয়। না নিলে তো ওদের অপমান করা হয়, তা-ই নিই। এই যে রুপোর গ্লাস, ওই যে ওটা (এয়ারকুলার), সব জোর করে ব্যবহার করায় আমাকে দিয়ে।”
এক ভক্ত জানালেন, গুরুর কোনও দাবি নেই। কেউ দু হাজার টাকা দিলে তা-ই নেন: কেউ পঁচিশ হাজার দিলে তা-ও নেন।
আপনি কীভাবে রোগ সারান?
—আমি না, আমি না—মা সারান। আমি হাত মুঠো করি। মা সন্দেশ দিলে আমি সন্দেশ দিই, মা রসগোল্লা দিলে আমিও রসগোল্লা দিই। বারবার প্রশ্ন করা সত্ত্বেও কিন্তু বিজ্ঞাপন নিয়ে আলোচনায় গেলেন না তিনি। শুধু বললেন, “ও সব ভক্তদের কাজ।” তারপরেই সারাক্ষণ করজোড়ে বসে থাকা গৌতম ভারতী সুর পাল্টে বললেন, “তবে উনি (প্রবীর ঘোষ) বড় বাড়াবাড়ি করছেন, ওঁর ব্যবস্থা ভক্তরাই করবে।” সেই সঙ্গেই জানিয়ে দিলেন, কাগজগুলোও যদি বাড়াবাড়ি করে, ভক্তরাই ব্যবস্থা নেবে। “আমি ওদের বারণ করি, ওরা আমার কথা শোনে না।”