বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৩৪
অলৌকিক নয় লৌকিক ২

 ২ মার্চ আমাকে কিডন্যাপ করার চেষ্টা হল। আমাকে তুলতে কোনও অবতারের ‘মা’ আসেননি। যদিও অবতারদের কথা মতো সবই মায়ের ইচ্ছে। তবু আশ্চর্যের সঙ্গে লক্ষ্য করলাম, অবতার নিজেই কিন্তু মায়ের শক্তির উপর সামান্যতম ভরসা করেন না। ভরসা করেছিলেন পেশীশক্তি সম্পন্ন অ-মানুষের ওপর। হায়! যাঁরা, শত্রুকে স্ব-বশে আনতে অপরকে মোহিনী ঔষধি দেন, তাঁরাই আবার শত্রুকে বশ করতে মোহিনী ঔষধির উপর ভরসা রাখতে পারেন না? বশীকরণ, ফটোসম্মোহনের দাবিদাররাও নিজের বিপদকালে অসার দাবির কথা ভুলে বাহুবলের ওপর অধিক ভরসা রাখেন!

 ৩ মার্চ বিভিন্ন ভাষার পত্র-পত্রিকার গুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশিত হল। এখানে ‘আজকাল’-এ প্রকাশিত খবরটি তুলে দিলাম—

প্রবীর ঘোষকে কিডন্যাপের চেষ্টা
অপ্রকৃতিস্থ নন গৌতম ভারতী! বিশেষজ্ঞ

আজকালের প্রতিবেদন: বুধবার রাতে মেডিক্যাল কলেজের সি বি টপ ওয়ার্ডে তাণ্ডবের নায়ক ‘অলৌকিক শক্তিধর’ গৌতম ভারতী মোটেই অপ্রকৃতিস্থ (অ্যাবনর্মাল) নন। মনোরোগ বিশেষজ্ঞের এই অভিমত। বৃহস্পতিবার মেডিক্যাল কলেজের সাইকিয়াট্রি বিভাগের প্রধান ডা. হরি গাঙ্গুলি গৌতম ভারতীকে দেখেন। চিকিৎসক ডা. মৃগাঙ্কমোহন দাসের কাছে লেখা নোটে তিনি জানিয়েছেন‘'নো অ্যাবনর্মালিটি হ্যাজ বিন ফাউণ্ড ইন হিজ স্পিচ ওরিয়েণ্টেশান অ্যাণ্ড পারসেপশান।’ এই নোটেই তিনি জানিয়েছেন বুধবার রাতে ওঁর আচরণ এক ধরনের হিস্টিরিয়া অথবা ভানও হতে পারে। রোগী অবসাদগ্রস্ত ও অপরাধবোধে আক্রান্ত। মদ্যপানের অভ্যাস রয়েছে। যাতে পান না করতে পারে সে ব্যাপারে নজর রাখা উচিত। এদিকে ‘ঐশী ক্ষমতাসম্পন্ন’ লেকটাউনের শিবকালী আশ্রমের এই আচার্যের ক্ষমতার প্রথম চ্যালেঞ্জার প্রবীর ঘোষকে এদিক সকালে দুই দুর্বৃত্ত তাঁর বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যেতে চেষ্টা করে। এদিন সকাল ৮টা নাগাদ তাঁকে বাড়ির সামনেই পাকড়াও করে দুর্বৃত্তরা। বলে মন্ত্রী সুভাষ চক্রবর্তী তাঁকে ডেকে পাঠিয়েছেন। এখনই তাঁকে তাদের সঙ্গে যেতে হবে। প্রবীর রুখে দাঁড়ানোয় তারা অবশ্য পিছু হটে। পরে প্রবীর সুভাষবাবুর ঘনিষ্ঠ মহলে খোঁজ নিয়ে জানতে পারেন এদিন সকালেই তিনি দীঘা চলে গেছেন। এই ঘটনার ব্যাপারে দমদম থানায় প্রবীর একটি ডায়েরীও করেছেন।