॥ ১৫ ॥
দীপ্তেন্দ্র রায়চৌধুরীর প্রতিবেদন ‘অলৌকিক শক্তিধরদের চ্যালেঞ্জ করে যুক্তিবাদী বিপন্ন’ (২৫-২) এবং ‘ঐশী শক্তির জয়’ বিজ্ঞাপন (১৯-২) প্রকাশের জন্য যুগপৎ অভিনন্দন ও ধিক্কার। কিছু অসাধু লোক ধর্মের দোহাই দিয়ে লোক ঠকাচ্ছে। প্রবীরবাবু তাদের মুখোশ খুলে দিয়েছেন। এতেই তাদের গাত্রদাহ, শিরঃপীড়া। ওরা খুনের হুমকি দেয়। যুগে যুগে এটাই হয়ে আসছে।
সঞ্জীবকুমার রায়। মঙ্গলবাড়ি, মালদহ
॥ ১৬ ॥
২৫-২-৮৯ তারিখের আনন্দবাজার থেকে জানলাম, অলৌকিক শক্তিধরদের চ্যালেঞ্জ করে যুক্তিবাদী প্রবীর ঘোষ বিপন্ন। খুবই স্বাভাবিক—কারণ, প্রবীরবাবু চ্যালেঞ্জ ছুড়ে ‘অলৌকিক শক্তিধরদের’ মুখোশ ছিঁড়ে ফেলে তাঁদের ভণ্ডামি জনসমক্ষে ফাঁস করে ফেলছেন যে? আসলে অল্প আয়াসে প্রচুর অর্থ রোজগারের লোকঠকানি ব্যবসায় ভাটা পড়ে যাবার আশঙ্কা বুদ্ধিমান জোচ্চোরের দল নিজেরাই বিপন্ন হয়ে প্রবীর ঘোষের প্রাণনাশের এমন আদিম বর্বরোচিত হুমকি দিচ্ছে।
যে সব ‘ভক্ত’ মিথ্যা বিজ্ঞাপন দিয়ে জনগণকে ধোঁকা দেবার চেষ্টা করে, তারা যে স্রেফ বুজরুকদের দালাল সেটা সাধারণ লোকেও বোঝে। দালালরা হাতসাফাই-এর কায়দা-জানা এক একজন লোককে করায়ত্ত করে অবতার ছাপ দিয়ে দেয়। আর এইভাবেই হাজার হাজার কুসংস্কারাচ্ছন্ন অসহায় বোকা লোককে ঠকিয়ে আদায় করা লাখ লাখ টাকার দান-প্রণামী নিজেদের মধ্যে ভাগ করে নেয়।
অশোক প্রামাণিক। বীরভূম
॥ ১৭ ॥
তথাকথিত অলৌকিক শক্তিধরদের বিরুদ্ধে যুক্তিবাদী প্রবীর ঘোষের দুঃসাহসিক প্রচেষ্টা ও বুজরুকদের দ্বারা তাঁর প্রাণনাশের হুমকির সংবাদ আপনাদের কাগজে মুদ্রিত করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আশিসকুমার নন্দী। ত্রিবেণী