বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/২৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ডাইনি ও আদিবাসী সমাজ
২৯৫

‘ডানরা black magic করছে’? এ তো ঈপ্সিতা রায় চক্রবর্তীর মত ‘ওয়ার্ল্ড উইচ ফেডারেশন’-এর সর্বময়কর্ত্রী বলবেন। অসিতবরণ চৌধুরীর লেখা-পত্তরকে যেখানে আমাদের সমাজের উচ্চকোটির মানুষ ও পত্র-পত্রিকা মূল্যবান বলে মনে করেন, সেখানে তাঁর এই সিদ্ধান্তের পিছনে যুক্তিগুলো কী? এ বিষয়ে জানার আগ্রহ যে কোনো যুক্তিবাদী মানুষেরই স্বাভাবিক।

 শ্রীচৌধুরী লেখাটিতে ঠিক পরের লাইনটিতেই বলেছেন, ‘এখানে এটুকু বলাই যথেষ্ট যে সাঁওতাল অধ্যুষিত সব জেলাতেই বহু প্রাণহানি ঘটেছে ‘ডান’ হওয়ার অভিযোগে।’

 না। ‘ডান’ প্রথা বন্ধে এটুকু বলাই যথেষ্ট নয়। বরং মনে হয়েছে—যেহেতু তাঁর লেখা-পত্তর ‘ডান’ প্রথা বিরোধী বলে প্রচলিত, তাই এ বিষয়ে তাঁর আরও সতর্কতা ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গির প্রয়োজন ছিল।

 ডাইনি প্রথার মতো একটা অমানবিক প্রথার অবসান প্রতিটি মানবিকতায় বিশ্বাসী যুক্তিবাদী আন্দোলনকর্মী, সাংস্কৃতিক আন্দোলনকর্মী আন্তরিকভাবেই চান। যুক্তিবাদী আন্দোলনকর্মী, সাংস্কৃতিক আন্দোনকর্মী শুভবুদ্ধিসম্পন্ন প্রগতিশীল বিভিন্ন সংস্থা ও মানুষ ডাইনি প্রথার বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নিয়ে যাতে আন্দোলনকে সার্থক করে তুলতে পারেন, সে দিকে লক্ষ্য রেখেই সাঁওতাল সমাজ বিষয়ে কিছু আলোচনায় গিয়েছিলাম। আলোচনা অনেকের কাছে নিরস মনে হতেই পারে, কিন্তু যাঁরা যুক্তিবাদী আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে আগ্রহী, তাঁদের আগেই জেনে নেওয়া উচিত, স্পষ্ট ধারণা থাকা উচিত, কাদের জন্য করছি? কী তাদের সমাজ জীবন? কী তাঁদের সমস্যা ইত্যাদি। যাঁদের সামাজিক-অর্থনৈতিক, ধর্মীয় জীবন ও সমস্যা বিষয়ে আমরা অন্ধকারে থাকব, তাঁদের সঠিক আলোর সন্ধান দেওয়া দুরূহ।

 এই প্রসঙ্গে একটা ঘটনার উল্লেখ করার ইচ্ছেতে রাশ টানতে পারলাম না। সম্প্রতি মদনপুর থেকে একটি তরুণ এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে। কথা প্রসঙ্গে জানালেন, তিনি একজন যুক্তিবাদী। যুক্তিবাদ বিষয়ক কিছু লেখা লিখতে আগ্রহী। তাঁর ইচ্ছে ‘যুক্তিবাদীর চোখে স্বামী বিবেকানন্দ’ এই নামে একটি বই লিখবেন। বললেন, এই বিষয়ে নিরঞ্জন ধরের একটি বই পড়েছেন। আর কী কী বই পড়লে লেখার খোরাক পাবেন, এই বিষয়ে আমার মতামত চাইলেন। বলেছিলাম “আপনার উচিত সবার আগে স্বামী বিবেকানন্দকে জানা। তাঁর লেখা-পত্তর ও কাজকর্মের সঙ্গে পরিচিত হওয়া। তারপর আপনার যুক্তিতে স্বামীজির লেখাপত্তর বা কাজ কর্মের যেগুলোকে