বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬
অলৌকিক নয়, লৌকিক ২

ওঁদের কাছে 'আন্দোলন', 'সংগঠন' ইত্যাদি শব্দগুলো বড় বেশি স্বার্থ-বিরোধী। তাই মূল যুক্তিবাদী আন্দোলনের পাল থেকে হাওয়া কেড়ে নিয়ে, একজনকে কিংবদন্তি পুরুষ করে তুলাতে প্রতিনিয়ত ব্যাপক ও নিবিড় প্রচার চালিয়েই যান। যাঁর পক্ষে এই প্রচার তিনি কিন্তু একদিনের জন্যেও সমাজ সচেতনতার প্রতি পরাকাষ্ঠা দেখিয়ে উচ্চারণ করেননি—ঈশ্বর, অবতার, জ্যোতিষী, অলৌকিক, জন্মান্তর, কর্মফল ইত্যাদির প্রতি সাধারণ মানুষের শোষিত মানুষের প্রবল অন্ধ-বিশ্বাসের কারণগুলো আমাদের সমাজব্যবস্থার মধ্যেই নিহিত রয়েছে, পালিত হচ্ছে, পুষ্ট হচ্ছে শোষক শ্রেণি ও তাদের উচ্ছিষ্টভোগীদের স্বার্থে। শোষক শ্রেণি চায় শোষিত মানুষ তাদের প্রতিটি বঞ্চনার জন্য সমাজ ব্যবস্থাকে দায়ী না করে দায়ী করুক নিজেদের ভাগ্যকে, পূর্বজন্মের কর্মফলকে এবং ঈশ্বরের কৃপা না পাওয়াকে।

 ওই কিংবদন্তির নায়কও যুক্তিবাদী আন্দোলন গড়ার আরামসাধ্য ব্যাপার-স্যাপারে আগ্রহী ছিলেন না। নিজের প্রয়াসকে নিয়োজিত রেখেছিলেন শুধুমাত্র বাবাজি মাতাজিদের চ্যালেঞ্জ জানানোর মধ্যেই। সাধারণ মানুষেরা ওই অসাধারণ বিজ্ঞান পত্রিকা গোষ্ঠীর চোখে কেমন? তার একটা উদাহরণ পেশ করছি। '৮৯-তে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে সাত-আটটি বিজ্ঞান সংস্থা মিলে একটি আলোচনাসভার আয়োজন করেছিলেন, শিরোনাম ছিল 'বিজ্ঞান আন্দোলন কী? ও কেন?' আমন্ত্রিত ছিলেন এই পত্রিকা গোষ্ঠী, পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চ এবং আমাদের সমিতি। পত্রিকাগোষ্ঠীকে বক্তব্য রাখতে আহ্বান জানাতে পর্যায়ক্রমে উঠলেন এক ডাক্তার ও এক ডক্টরেট। তাঁরা দর্শকদের বললেন—'বিজ্ঞান আন্দোলন কী? ও কেন?' ও-সব নিয়ে আলোচনা এ সভায় অর্থহীন বলেই মনে করি। কারণ ও-সব ভারী ভারী কথা বললে আপনারা কিছুই বুঝবেন না। তার চেয়ে বরং আপনাদের কোনও বিজ্ঞান বিষয়ক প্রশ্ন থাকলে কাগজে লিখে পাঠিয়ে দিন, উত্তর দিচ্ছি।'

 এঁদের নাক উঁচু ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে দর্শকরা অপমানবোধ করেছিলেন। আমরাও হতচকিত হয়েছিলাম, এমন চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীন, নাকতোলা বক্তব্যে। ওঁরা তবে সাক্ষরতার সুযোগ না পাওয়া মানুষকে কী বলবেন? তাঁদের বাদ দিয়েই শুধু উচ্চকোটির মানুষকে নিয়েই কি ওঁরা বিজ্ঞান আন্দোলন গড়ার স্বপ্ন দেখেন? সেদিন ওঁদের ধৃষ্টতার জবাব শ্রোতারাই দিয়ে দিয়েছিলেন তীব্র ধিক্কারে।