বিষয়বস্তুতে চলুন

পাতা:অলৌকিক নয়, লৌকিক (দ্বিতীয় খণ্ড) - প্রবীর ঘোষ.pdf/৪২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অবাক মেয়ে মৌসুমী’র মধ্যে সরস্বতীর অধিষ্ঠান...
৪১৯

আমরা কয়েকজন টাইপ শিক্ষার্থীর উপর পরীক্ষা চালিয়ে দেখেছি, তাঁরা ওই অংশটুকু ৩৫ থেকে ৪৫ সেকেণ্ডের মধ্যে করে দিতে পেরেছেন।

 বিদায় লগ্নে মৌসুমীর বাবা অনুরোধ করলেন, মেয়ের ঐ অকৃতকার্যতাকে প্রকাশ না করার জন্য। সেই সঙ্গে ৭ সেপ্টেম্বরের সন্ধ্যায় রবীন্দ্রসদনে মৌসুমীকে অভিনন্দন জানাবার অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানালেন। আমাদের পাঁচ আগন্তুককে রিকশায় তুলে দিতে এলেন সাধনবাবু। সাধনবাবুকে বললাম, “মৌসুমী খুব সুন্দর যথেষ্ট সম্ভাবনাময় একটি মেয়ে। ওর মুখ চেয়ে আপনাকে একটি অনুরোধ, ওকে না বুঝিয়ে মুখস্থ করাবেন না। এতে প্রচার হয়তো পাবেন কিন্তু এই না বুঝে মুখস্থ করার প্রবণতা ওর বুদ্ধি বিকাশের পক্ষে বাধা হতে পারে।”

 ৭ আগস্ট “The Telegraph” দৈনিক পত্রিকায় বক্স করে প্রকাশিত হল মৌসুমীকে পরীক্ষা করার ও তার অনুত্তীর্ণ হওয়ার খবর ৭ আগস্ট সন্ধ্যায় আমাদের সমিতির পক্ষে আমি এবং কয়েকজন ‘রবীন্দ্রসদন’-এ উপস্থিত ছিলাম মৌসুমীর অভিনন্দন অনুষ্ঠান প্রত্যক্ষ করতে। মৌসুমীকে অভিনন্দন জানিয়ে ঘোষণা মতো অন্নদাশঙ্কর রায় কয়েকটি প্রশ্ন করলেন। মামুলি প্রশ্ন। “ডু ইউ ওয়াণ্ট হ্যাপিনেস?” স্পষ্ট ভাষায় উচ্চারিত হলেও ও মানে ধরতে পারল না। উত্তর দিল “আই ওয়াণ্ট টু বি এ সায়েনটিস্ট”। অন্নদাশঙ্কর হেসে ফেলে আবার প্রশ্নটা করলেন। মৌসুমী বিষয়টা ধরতে চাইছিল কিন্তু পারছিল না। পাশে বসা কৃষ্ণ ধর প্রশ্নটা বাংলা করে দিলেন। এর পরও অন্নদাশঙ্কর যেসব ইংরেজিতে প্রশ্ন করেছিলেন, তার বাংলা অনুবাদ করে দিতে হয় পাশে বসা কৃষ্ণ ধরকে।

 সাধনবাবু কিছু বলতে উঠলেন। মেয়ের বিষয়ে অনেক কিছুই বললেন। আবারও ঘোষণা করলেন হিন্দি, ইংরাজি, ডাচ, জার্মান ভাষা জানে। সাধনবাবুই মেয়েকে কয়েকটা প্রশ্ন করলেন। ও উত্তর দিল। আমি প্রমা সংস্থার অন্যতম ব্যবস্থাপক সুধীরবাবু ও শংকরবাবুকে বললাম আমাকে কিছু প্রশ্ন করার অনুমতি দেবেন? সভার পরিচালক অমিতাভ চৌধুরী আমাকে অনুরোধ করলেন কোনও প্রশ্ন না করতে এবং সাধনবাবুর মিথ্যা ভাষণের প্রতিবাদ না করতে। যুক্তি হিসাবে শ্রীচৌধুরী দুটি কারণ দেখিয়েছিলেন। এক: মেয়েটি তার অভিনন্দন অনুষ্ঠানেই অপমানিত হলে চরম আঘাত পাবে। দুই: অনুষ্ঠানে গোলমাল হতে পারে। অগ্রজপ্রতিম অমিতাভ চৌধুরীর অনুরোধকে আদেশ হিসেবে শিরোধার্য করে নিয়েছিলাম।